E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মেঘালয়ের গুহায় লুকিয়ে ছয় হাজার বছরের বর্ষার ইতিহাস, সূর্যের গতিচক্রের যোগসূত্রও খুঁজলেন গবেষকেরা

মেঘালয়ের মাওসমাই গুহার স্ট্যালাগমাইটে মিলল প্রাচীন বর্ষার ইতিহাস। আইআইটি খড়্গপুর ও আইআইএসইআর কলকাতার গবেষণায় সৌরচক্র ও জলবায়ুর যোগসূত্র
মেঘালয়ের মাওসমাই গুহার স্ট্যালাগমাইট থেকে প্রাচীন মৌসুমি বায়ুর ইতিহাস অনুসন্ধান
মেঘালয়ের মাওসমাই গুহার স্ট্যালাগমাইট বিশ্লেষণ করে হাজার হাজার বছর আগের বর্ষার পরিবর্তনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকেরা

মেঘালয়ের গুহায় লুকিয়ে ছয় হাজার বছরের বর্ষার ইতিহাস, সূর্যের গতিচক্রের যোগসূত্রও খুঁজলেন গবেষকেরা

কলকাতা: আজকের উত্তর-পূর্ব ভারতের বর্ষা কতটা শক্তিশালী ছিল ছয় হাজার বছর আগে? কোন কোন প্রাকৃতিক পরিবর্তনের প্রভাবে বদলেছে বৃষ্টির ধরন? মেঘালয়ের মাওসমাই গুহায় পাওয়া মাত্র ১১ সেন্টিমিটার দীর্ঘ একটি পাথুরে স্তম্ভের বিশ্লেষণ থেকে সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন গবেষকেরা। তাঁদের অনুসন্ধানে উঠে এসেছে, অতীতে ভারতীয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর শক্তি পরিবর্তনের সঙ্গে উত্তর আটলান্টিক মহাসাগরের জলবায়ু পরিস্থিতি এবং সূর্যের সক্রিয়তারও সম্পর্ক ছিল।

গবেষণায় দেখা গিয়েছে, প্রায় ১১ হাজার ৮০৭ থেকে ৫ হাজার ৬২২ বছর আগের সময়কালে ভারতের মৌসুমি বায়ুর চরিত্র এক রকম ছিল না। হিমযুগের অবসানের পর শুরু হওয়া বর্তমান ভূতাত্ত্বিক পর্ব হোলোসিনের প্রথম দিকে বর্ষা ছিল যথেষ্ট শক্তিশালী। পরে মধ্য হোলোসিনে ধীরে ধীরে তার তীব্রতা কমে আসে। গবেষকদের মতে, এই পরিবর্তন শুধু আঞ্চলিক আবহাওয়ার ওঠানামার ফল নয়; এর সঙ্গে বৃহত্তর বিশ্বজলবায়ুরও যোগ ছিল।

মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের মাওসমাই গুহায় এই গবেষণার উপাদানটি পাওয়া যায়। শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুহাটির ভিতরে প্রায় ৩০০ মিটার এগিয়ে একটি কক্ষ থেকে ১১ সেন্টিমিটার দীর্ঘ স্ট্যালাগমাইট সংগ্রহ করেন গবেষকেরা। গুহাটির আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশের বেশি। স্ট্যালাগমাইট হল গুহার মেঝে থেকে চুনজাতীয় খনিজ জমে ধীরে ধীরে উপরের দিকে তৈরি হওয়া স্তম্ভ। দীর্ঘ সময় ধরে জমা হওয়া এই স্তরগুলিতে অতীতের পরিবেশ ও বৃষ্টিপাতের নানা চিহ্ন থেকে যায়।

আইআইটি খড়্গপুরের যচনা বর্মা ও অনিল কে গুপ্তের নেতৃত্বে গবেষণাটি হয়েছে। দলে ছিলেন আইআইএসইআর কলকাতার প্রশান্ত সান্যাল এবং প্রিয়ন্তন গুপ্ত, সোম দত্ত, পঙ্কজ কুমার ও অভিজিৎ মুখোপাধ্যায়। গবেষণায় স্ট্যালাগমাইটের স্থিতিশীল অক্সিজেন আইসোটোপের গঠন বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা করা হয়েছে নমুনাটির পেট্রোগ্রাফিক ও খনিজগত বৈশিষ্ট্য। এই তথ্যের ভিত্তিতেই অতীতের বৃষ্টিপাত ও মৌসুমি বায়ুর শক্তি পুনর্গঠন করেছেন তাঁরা।

বিশ্লেষণে দেখা গিয়েছে, প্রায় ১১ হাজার ৮০৭ থেকে ৭ হাজার ৭০০ বছর আগে ভারতীয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু ছিল বিশেষভাবে শক্তিশালী। ওই সময় নমুনায় অক্সিজেন আইসোটোপের মান তুলনামূলক কম ছিল, যা প্রবল বর্ষার ইঙ্গিত দেয়। পরবর্তী সময়ে, অর্থাৎ প্রায় ৭ হাজার ৭০০ থেকে ৫ হাজার ৬২২ বছর আগের মধ্যে আইসোটোপের মান বেড়েছে। গবেষকদের ব্যাখ্যা, এই পরিবর্তন মৌসুমি বায়ুর ক্রমশ দুর্বল হয়ে পড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে বর্ষার শক্তি কমার ঘটনাটি সরল বা একটানা ছিল না। কয়েকশো বছর অন্তর তার তীব্রতায় ওঠানামার চিহ্নও মিলেছে। এই পর্যায়গুলির সঙ্গে উত্তর আটলান্টিক অঞ্চলের একাধিক জলবায়ু পরিবর্তনের মিল পেয়েছেন গবেষকেরা। বন্ড ইভেন্ট ৮, ৭, ৬, ৫বি, ৫এ এবং ৪ নামে পরিচিত ওই ঘটনাগুলির সঙ্গে ভারতের মৌসুমি বায়ুর পরিবর্তনের সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

এই যোগসূত্রের ব্যাখ্যায় উঠে এসেছে আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন বা এএমওসি-র কথা। এটি আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোতব্যবস্থা, যা সমুদ্রের বিভিন্ন অঞ্চলের মধ্যে তাপ পরিবহণ করে। এই স্রোতব্যবস্থার পরিবর্তন বিশ্বজুড়ে জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে। গবেষকদের ধারণা, উত্তর আটলান্টিকের এমন পরিবর্তন ভারতীয় মৌসুমি বায়ুর চরিত্রেও প্রভাব বিস্তার করেছিল।

স্ট্যালাগমাইটের স্তরগুলিতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় ধরা পড়েছে। প্রায় ১১৮ বছর এবং ১১০ বছর অন্তর পুনরাবৃত্ত জলবায়ুগত পরিবর্তনের চিহ্ন মিলেছে। এই সময়ের ব্যবধান গ্লেইসবার্গ সৌরচক্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূর্যের সক্রিয়তার দীর্ঘমেয়াদি ওঠানামার সঙ্গে যুক্ত এই চক্রের প্রভাবও অতীতের বর্ষার তীব্রতা নিয়ন্ত্রণে ভূমিকা রেখে থাকতে পারে বলে গবেষকদের মত।

এ ক্ষেত্রে শুধু সূর্যের সক্রিয়তাই নয়, প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক ডেকাডাল অসিলেশন বা পিডিও, সমুদ্র ও বায়ুমণ্ডলের পারস্পরিক ক্রিয়া এবং তিব্বতি মালভূমি ও ভারত মহাসাগরের মধ্যে তাপমাত্রার পার্থক্যও গুরুত্বপূর্ণ ছিল বলে গবেষণায় উঠে এসেছে। অর্থাৎ, উত্তর-পূর্ব ভারতের বর্ষা নির্ধারণে একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক জলবায়ু প্রক্রিয়া একসঙ্গে কাজ করেছে।

‘ডিসাইফারিং হোলোসিন মনসুন ডায়নামিক্স ইন নর্থইস্টার্ন ইন্ডিয়া’ শীর্ষক গবেষণাটি চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা *Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology*-তে প্রকাশিত হয়েছে। গবেষকদের বক্তব্য, উত্তর-পূর্ব ভারত ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত সংবেদনশীলতার কারণে মৌসুমি বায়ুর পরিবর্তন বোঝার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল। গুহার খনিজস্তরের রাসায়নিক বিশ্লেষণের পাশাপাশি তার পেট্রোগ্রাফিক বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় অতীতের জলবায়ু পুনর্গঠনে নতুন মাত্রা যোগ হয়েছে।

গবেষণার কাজে মেঘালয়ান অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সহযোগিতার কথাও স্বীকার করেছেন বিজ্ঞানীরা। বি ডি খারপান ডালির নেতৃত্বে সংস্থাটির পাশাপাশি ক্ষান কুপর মাওলং ও কিরমেন স্কেম্ভা রানির সহায়তা পেয়েছেন তাঁরা। আইসোটোপ বিশ্লেষণের পরিকাঠামো দিয়েছে কলকাতার আইআইএসইআর এবং পেট্রোগ্রাফিক বিশ্লেষণের সুযোগ দিয়েছে আইআইটি খড়্গপুর।

অতীতের বর্ষার এই দীর্ঘ ইতিহাস শুধু ভূতাত্ত্বিক কৌতূহলের বিষয় নয়। দক্ষিণ এশিয়ার জলসম্পদ, কৃষি এবং মানুষের জীবিকার সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক অত্যন্ত গভীর। তাই হাজার হাজার বছর আগের বৃষ্টিপাতের ধরন ও তার পরিবর্তনের কারণ বোঝা ভবিষ্যতের জলবায়ু গবেষণাতেও গুরুত্বপূর্ণ সূত্র জোগাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss