
নদিয়া: পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই ক্লাবের সদস্যদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ। সেই সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন বিএমএসের কল্যাণী ব্লকের সহ-সভাপতি অজিত সরকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার মদনপুরের আলাইপুর এলাকায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আহত অজিত সরকার জানান, আমতলা ক্লাবের পক্ষ থেকে পুজোর চাঁদা তোলা হচ্ছিল।
সেই সময় একই এলাকায় পল্লিশ্রী ক্লাবের সদস্যরাও চাঁদা তুলতে আসেন। আর তা নিয়েই দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তীতে সেই বচসা সংঘর্ষের চেহারা নেয়।
অজিত সরকারের অভিযোগ, ঘটনার পর তিনি যখন অন্ধকার রাস্তা দিয়ে একা যাচ্ছিলেন, সেই সময় পল্লিশ্রী ক্লাবের কয়েকজন সদস্য তাঁকে ঘিরে ধরে হামলা চালান।
প্রথমে বন্দুকের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলায় তাঁর বুক-সহ শরীরের একাধিক অংশে গুরুতর চোট লাগে।
আহত বিএমএস নেতার আরও অভিযোগ, এই হামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সকলেই সিপিএমের কর্মী।
যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে চাকদহ থানার পুলিশ। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত ও অভিযোগের পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


