
পুরীতে জগন্নাথ দর্শন করে আমরা সবাই ধন্য হই। কিন্তু ওড়িশা ভ্রমণ কি শুধু পুরীতেই শেষ? মোটেই না। পুরী থেকে মাত্র ৬০ কিমি দূরে ভুবনেশ্বরে লুকিয়ে আছে আরেক পবিত্র ধাম, যেখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যাবে। সেটাই হল শ্রীক্ষেত্র বিহারের লক্ষ্মী-নারায়ণ মন্দির।



খণ্ডগিরির কাছে, NH-16 এর পাশে AIIMS স্কয়ারের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের গেটের সামনে দাঁড়ালেই চোখে পড়বে দুপাশে দুটি বিশাল সিংহের মূর্তি। যেন তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই শহরের সব কোলাহল পেছনে পড়ে থাকে। চারপাশটা ভীষণ পরিষ্কার, ছিমছাম আর মনোরম।
মন্দিরটি নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়ায়। গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান বিষ্ণু (নারায়ণ) এবং তাঁর সহধর্মিণী দেবী লক্ষ্মী। সকালে পূজো আর আরতির সময় শঙ্খের আওয়াজ আর ফুলের গন্ধে মন্দিরের পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে।
এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল দুপুরের মহাপ্রসাদ। প্রতিদিন দুপুরবেলা এখানে খুবই সাশ্রয়ী মূল্যে ভক্তদের জন্য সুস্বাদু অন্ন প্রসাদের ব্যবস্থা থাকে। স্থানীয় মানুষ তো আসেনই, বাইরে থেকে আসা দর্শনার্থীরাও এই প্রসাদের জন্য অপেক্ষা করে থাকেন। সবার সঙ্গে বসে একসঙ্গে প্রসাদ খাওয়ার আনন্দটাই আলাদা।
তাই এবার পুরী ঘুরতে এলে, ফেরার পথে ভুবনেশ্বরে একবার নেমে যান। জগন্নাথ দর্শনের পর লক্ষ্মী-নারায়ণের দর্শন করে আপনার যাত্রা সম্পূর্ণ করুন।
যাওয়ার আগে জেনে নিন:
ঠিকানা: শ্রীক্ষেত্র বিহার, খণ্ডগিরি, ভুবনেশ্বর (NH-16 / এইমস স্কয়ারের কাছে)
সময়:সকাল ৫:৩০ – দুপুর ১২:৩০ এবং বিকেল ৪:০০ – রাত ১০:০০ পর্যন্ত খোলাl


