
বালুরঘাট: সাতসকালে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে।
নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করার পর তাঁর কাটা মুন্ডু হাতে নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকালে গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ঘোষপাড়ার এই ঘটনায় আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী রিন্টু ঘোষকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত গৃহবধূর নাম সীমা ঘোষ সরকার (৩৫)। প্রায় ১৫ বছর আগে নারায়ণপুর ঘোষপাড়ার বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী রিন্টু ঘোষের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতিতে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনায় মগ্ন হয়ে পড়েছিলেন অভিযুক্ত রিন্টু।
বুধবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার পর প্রথমে বাড়ির ঠাকুরের আসনে তাঁর কাটা মুন্ডু রাখেন বলে অভিযোগ।
এরপর সেটি হাতে নিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরতে শুরু করেন তিনি। এমন ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে হত্যাকাণ্ডের খবর।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি উদ্ধার করা হয় নিহত গৃহবধূর কাটা মুন্ডু। মৃতদেহের বাকি অংশ ও ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।
তবে কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তন্ত্রসাধনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
১৫ বছরের দাম্পত্য জীবন, দুই সন্তান তারপর এমন ভয়াবহ পরিণতি। কী কারণে এই হত্যাকাণ্ড? ঘটনার নেপথ্যে কি পারিবারিক বিবাদ, নাকি অন্য কোনও কারণ? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে গঙ্গারামপুর থানার পুলিশ।


