E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রাথমিক দাপট, ট্রাম্পের রিপাবলিকান শিবিরে ধাক্কার ইঙ্গিত

সেনেট, প্রতিনিধি পরিষদ ও গভর্নর নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ লড়াইয়ে ডেমোক্র্যাটদের অগ্রগতি, চূড়ান্ত ফলের অপেক্ষা
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের লড়াই
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের লড়াই

ওয়াশিংটন:ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের বিরুদ্ধে ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক গণনায় এগিয়ে ডেমোক্র্যাটরা। সেনেট ও গভর্নর নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ জয় পেয়েছে তারা। প্রতিনিধি পরিষদেও এসেছে সাফল্য। ভোটগণনা এখনও চলছে, তবে প্রাথমিক ফলের এই প্রবণতা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে পারে।

সর্বশেষ পাওয়া হিসাব অনুযায়ী, সেনেটে ডেমোক্র্যাটরা ১০টি আসনে জয় পেয়েছে, রিপাবলিকানদের জয় তিনটিতে। গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ছ’টি, রিপাবলিকানদের একটি। প্রতিনিধি পরিষদে এখনও পর্যন্ত ডেমোক্র্যাটদের দু’টি আসনে জয়ের খবর পাওয়া গিয়েছে।

সেনেটের লড়াইয়ে ভার্জিনিয়া, জর্জিয়া, ডেলাওয়্যার ও নিউ জার্সিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে ডেমোক্র্যাটরা। ভার্জিনিয়ায় রিপাবলিকান বার্ট মিজুসাওয়াকে হারিয়ে চতুর্থবারের জন্য নির্বাচিত হয়েছেন মার্ক ওয়ার্নার। জর্জিয়ায় মাইক কলিন্সকে পরাজিত করে ফের সেনেটে গিয়েছেন জন অসফ। ডেলাওয়্যারে মাইক কাটজকে হারিয়ে তৃতীয় পূর্ণ মেয়াদ নিশ্চিত করেছেন ক্রিস কুনস। রোড আইল্যান্ডে রেমন্ড ম্যাকেকে পরাজিত করে ষষ্ঠবারের জন্য জয় পেয়েছেন জ্যাক রিড। নিউ জার্সিতে রিপাবলিকান জাস্টিন মারফিকে হারিয়ে আসন ধরে রেখেছেন কোরি বুকার।

নিউ হ্যাম্পশায়ার ও নর্থ ক্যারোলাইনাতেও ডেমোক্র্যাটদের জয় উল্লেখযোগ্য। নিউ হ্যাম্পশায়ারে জন সুনুনুকে হারিয়েছেন ক্রিস পাপাস। নর্থ ক্যারোলাইনায় মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন রয় কুপার। কলোরাডোয় মার্ক বেইসলিকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন জন হিকেনলুপার। নিউ মেক্সিকোয় রিপাবলিকান ল্যারি ই মার্কারকে পরাজিত করে জয় পেয়েছেন বেন লুজান।

তবে সব রাজ্যেই ডেমোক্র্যাটদের জয় আসেনি। ফ্লোরিডায় অ্যাঞ্জি নিক্সনকে হারিয়ে সেনেটের আসন জিতেছেন রিপাবলিকান অ্যাশলি মুডি। পশ্চিম ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট র‌্যাচেল ফেটি অ্যান্ডারসনকে পরাজিত করে ফের নির্বাচিত হয়েছেন রিপাবলিকান শেলি মুর ক্যাপিটো। ওয়াইয়োমিংয়েও সেনেট নির্বাচনে ডেমোক্র্যাট জেমস বার্ডকে হারিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান হ্যারিয়েট হ্যাগেম্যান।

গভর্নর নির্বাচনের ফলেও ডেমোক্র্যাটদের পাল্লা ভারী। ইলিনয়ে রিপাবলিকান ড্যারেন বেইলিকে হারিয়ে তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন জেবি প্রিৎজকার। নিউ ইয়র্কে ক্যাথি হোচুল, কলোরাডোয় ফিল ওয়াইজার, রোড আইল্যান্ডে হেলেনা ফাউলকস, পেনসিলভানিয়ায় জশ শাপিরো এবং মেরিল্যান্ডে ওয়েস মুর জয় পেয়েছেন। রিপাবলিকানদের একমাত্র গভর্নর জয় এসেছে ওয়াইয়োমিংয়ে। সেখানে ডেমোক্র্যাট কেনেথ ক্যাসনারকে হারিয়েছেন এরিক বার্লো।

ইলিনয়ে ডেমোক্র্যাটদের আরও একটি সাফল্য এসেছে সেনেট নির্বাচনে। রিপাবলিকান ডন ট্রেসিকে হারিয়ে জয়ী হয়েছেন সে রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন। ফলে একই রাজ্যে গভর্নর ও সেনেট দুই লড়াইয়েই ডেমোক্র্যাটদের জয় এসেছে।

প্রতিনিধি পরিষদের নির্বাচনে ফ্লোরিডা থেকে ডেবি ওয়াসারম্যান শুলৎজ এবং নর্থ ক্যারোলাইনা থেকে জেমি অ্যাগার জয়ী হয়েছেন। দু’জনেই তাঁদের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। এই ভোটে কংগ্রেসের দুই কক্ষ সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারিত হয়। ফলে ডেমোক্র্যাটদের প্রাথমিক সাফল্য শুধু কয়েকটি আসনের জয় নয়, ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে আইন প্রণয়ন ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার প্রভাব পড়তে পারে। তবে ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss