
হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব ফেলা ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র অবশিষ্ট অংশ ক্রমশ শক্তি হারাচ্ছে। গভীর নিম্নচাপ থেকে বুধবার সকালে তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে সেটি।

বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে , গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টির অবশিষ্ট অংশ। আজ , ৪ নভেম্বর সকাল সাড়ে ৫টায় সেটি পূর্ব তেলঙ্গানা ও সংলগ্ন উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর অবস্থান করছিল। কেন্দ্রের অবস্থান ছিল ১৭.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮০.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
নন্দীগামা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং তেলঙ্গানার খাম্মাম থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে ছিল নিম্নচাপটির কেন্দ্র। বিজয়ওয়াড়া থেকে এর দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এ ছাড়া নালগোন্ডা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এবং ভদ্রাচলম থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল সেটি।
উত্তরমুখী গতিপথ বজায় রেখেই শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে নিম্নচাপটির। আগামী ১২ ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


