
জলন্ধর: লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে কার্যত দাঁড়াতেই দিল না ভারত। ৮-০ গোলে জিতে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্ব শেষ করল অপরাজিত থেকে। পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয়। পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে হরমনপ্রীত সিংয়ের দল। বুধবার ফের দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত।
জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে সোমবার গ্যালারি ভর্তি দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। প্রথম কোয়ার্টারেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। বাকি সময়ে আরও পাঁচবার কোরিয়ার জালে বল জড়ায় ভারতীয় দল। দিলপ্রীত সিং করেন দু’টি গোল। অধিনায়ক হরমনপ্রীত সিং-সহ বাকি ছ’জন একটি করে গোল করেন।
ভারতের আটটি গোলের মধ্যে তিনটি এসেছে পেনাল্টি কর্নার থেকে, বাকি পাঁচটি ফিল্ড গোল। আক্রমণ, গতি এবং গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে গোটা ম্যাচেই ভারতের দাপট ছিল স্পষ্ট।
লিগ পর্বের অন্য ম্যাচে চিন ও বাংলাদেশের খেলা ১-১ গোলে শেষ হয়েছে। জাপান ২-১ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। ফলে দ্বিতীয় স্থানে থাকা জাপান সেমিফাইনালে খেলবে তৃতীয় স্থানে শেষ করা মালয়েশিয়ার বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার প্রতিযোগিতায় বিশ্রামের দিন। এরপর খেলা সরবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। ৪ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। ৫ নভেম্বর নির্ধারিত পদকের ম্যাচ। লিগ পর্বে কোরিয়াকে বড় ব্যবধানে হারালেও সেমিফাইনালে নতুন করে লড়াইয়ের মুখে পড়তে হবে ভারতকে।


