
ব্রনো: আন্তর্জাতিক স্কোয়াশে আরও একটি সাফল্য ভারতের ভেলাভান সেন্থিলকুমারের। চেক প্রজাতন্ত্রের ব্রনোয় ৩৫ হাজার ডলারের চেক ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের এই স্কোয়াশ খেলোয়াড়। ফাইনালে স্কটল্যান্ডের গ্রেগ লব্বানকে চার গেমে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় পিএসএ কপার-স্তরের খেতাব জিতলেন তিনি।
বিশ্ব ক্রমতালিকায় ৪২ নম্বরে থাকা এবং প্রতিযোগিতার চতুর্থ বাছাই সেন্থিলকুমার ফাইনালে ১৩-১১, ১১-৫, ৮-১১, ১১-৭ গেমে জয় পান। লড়াইয়ে তৃতীয় গেমটি লব্বান জিতলেও পরের গেমে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজের হাতে নিয়ে নেন ভারতীয় খেলোয়াড়।
এই জয়ের ফলে পিএসএ ট্যুরে সেন্থিলকুমারের খেতাবের সংখ্যা দাঁড়াল ১২। কপার-স্তরের প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় সাফল্য। এর আগে অগস্টে বুদাপেস্ট ওপেন জিতে এই বিভাগে প্রথম খেতাব পেয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে ফের একই স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিলেন ভারতীয় স্কোয়াশ তারকা।


