
হায়দরাবাদ: দেশের কৃষিতে ভুট্টার গুরুত্ব বাড়ছে। মানুষের খাদ্য, পশুখাদ্য থেকে শুরু করে জ্বালানি উৎপাদন—বিভিন্ন ক্ষেত্রেই এই ফসলের চাহিদা তৈরি হয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখে আগামী দশ বছরে ভারতে ভুট্টার উৎপাদন ৫.৫ কোটি টন থেকে বাড়িয়ে ৭.৫ কোটি টনে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছে কৃষি গবেষণা মহল। শুধু জমির পরিমাণ বাড়িয়ে নয়, উন্নত বীজ, নতুন প্রযুক্তি এবং চাষের পদ্ধতিতে পরিবর্তন এনে উৎপাদনশীলতা আরও দেড় গুণ বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।
মঙ্গলবার হায়দরাবাদের জেডি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক ভুট্টা সম্মেলন ২০২৬। ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বিজ্ঞানী, নীতিনির্ধারক, কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা একত্র হয়েছেন। সম্মেলনের মূল বিষয় ‘পরিবর্তনশীল বিশ্বে খাদ্য, পশুখাদ্য, চারণের খাদ্য, জ্বালানি ও স্থায়িত্বের জন্য ভুট্টা বিপ্লব’—সংক্ষেপে M4FS। ভুট্টার ফলন ও পুষ্টিগুণ বাড়ানো, উন্নত হাইব্রিড তৈরি, বীজের জোগান, কৃষিতে যন্ত্রের ব্যবহার এবং উৎপাদিত ফসলের বাজার তৈরি—সবই রয়েছে আলোচনার কেন্দ্রে।
কৃষি গবেষণা ও শিক্ষা দফতরের সচিব এবং আইসিএআরের মহাপরিচালক ড. এম এল যাদব সম্মেলনে বলেন, গত এক দশকে দেশে ভুট্টার উৎপাদন বেড়ে প্রায় ৫.৫ কোটি টনে পৌঁছেছে। এই অগ্রগতির জন্য তিনি গবেষক ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তবে আগামী দশকে ৭.৫ কোটি টনের লক্ষ্যে পৌঁছতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষি উপকরণের ব্যবহার আরও দক্ষ করতে হবে। নতুন প্রযুক্তি এবং উন্নত চাষ ব্যবস্থাপনা সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
কৃষকের আয়কে গবেষণার কেন্দ্রে রাখার বার্তা
ভুট্টার ব্যবহারকে এত দিন প্রধানত চারটি ক্ষেত্র খাদ্য, পশুখাদ্য, চারণের খাদ্য এবং জ্বালানি এই ‘৪এফ’ ধারণার মধ্যে দেখা হয়েছে। ড. যাদব এই ধারণাকে আরও বিস্তৃত করে পঞ্চম ‘এফ’ হিসেবে কৃষককে যুক্ত করার কথা বলেন। তাঁর বক্তব্য, গবেষণার সাফল্য কেবল নতুন জাত উদ্ভাবন বা উৎপাদনের পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেই গবেষণার ফল কৃষকের আয় বাড়াচ্ছে কি না, তাঁদের জীবনযাত্রায় উন্নতি ঘটাচ্ছে কি না, সেটিও দেখতে হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার সম্ভাব্য ফলন এবং বাস্তবে পাওয়া ফলনের মধ্যে এখনও ব্যবধান রয়েছে। বিশেষ করে চাষের পদ্ধতি, জমির পরিচর্যা এবং কৃষি ব্যবস্থাপনার ঘাটতি অনেক ক্ষেত্রে উৎপাদন কমিয়ে দেয়। এই ব্যবধান কমাতে বিচ্ছিন্নভাবে কোনও একটি বিষয় নয়, গোটা চাষ ব্যবস্থাকে একসঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। কোন মরসুমে, কোন অঞ্চলের মাটি ও আবহাওয়ায় ভুট্টা চাষ বেশি লাভজনক হতে পারে, তা বুঝে পরিকল্পনা করতে হবে। তবে ভুট্টার চাষ বাড়াতে গিয়ে তৈলবীজ ও ডালের মতো গুরুত্বপূর্ণ ফসলের জমি যেন কমে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন আইসিএআরের মহাপরিচালক।
উন্নত বীজের দাম ও প্রাপ্যতা নিয়েও উদ্বেগ রয়েছে। কৃষকের হাতে সুলভে মানসম্পন্ন বীজ পৌঁছে দিতে সরকারি ক্ষেত্রের হাইব্রিড বীজ উৎপাদন বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ড. যাদব।
পাঁচ বছরে ৩২৯টি হাইব্রিড, গবেষণায় আরও গতি আনার আহ্বান
আইসিএআরের ফসলবিজ্ঞান বিভাগের উপ-মহাপরিচালক ড. ডি কে যাদব ভুট্টাকে খাদ্য, পুষ্টি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফসল বলে উল্লেখ করেন। গত পাঁচ বছরে গবেষণা ও কৃষি সম্প্রসারণের কাজে যে অগ্রগতি হয়েছে, তার মধ্যে ৩২৯টি ভুট্টার হাইব্রিড উদ্ভাবনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি।
তবে এই সাফল্য ধরে রাখতে এবং আরও এগিয়ে যেতে ভুট্টা নিয়ে সর্বভারতীয় সমন্বিত গবেষণা প্রকল্প (AICRP on Maize) শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। নতুন জাত ও হাইব্রিড তৈরির ক্ষেত্রে শুধু ফলন বাড়ালেই হবে না। ফসলের পুষ্টিগুণ উন্নত করা এবং রোগ-পোকা ও প্রতিকূল আবহাওয়ার মোকাবিলার ক্ষমতাও বাড়াতে হবে। কৃষি উপকরণের সাশ্রয়ী ব্যবহার, যন্ত্রের প্রয়োগ, গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি ক্ষেত্রে হাইব্রিড বীজ উৎপাদন বাড়ানোর উপরও তিনি জোর দেন।
ভুট্টা থেকে ইথানল উৎপাদনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং শিল্প সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন বলে জানান ড. যাদব।
সিমিটের সঙ্গে যুক্ত বিশিষ্ট ভুট্টা বিজ্ঞানী ও ওয়ার্ল্ড ফুড লরিয়েট পদ্মশ্রী ড. এস. ভাসাল গবেষণার পদ্ধতিকে আরও সহজ ও সাশ্রয়ী করার পরামর্শ দেন। তাঁর মতে, কৃষকের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত জাত ও হাইব্রিড দ্রুত তৈরি করতে হলে কম খরচের কার্যকর প্রজনন পদ্ধতি কাজে লাগাতে হবে।
জিনগত সম্পদ সংরক্ষণ ও খাদ্যের নিরাপত্তায় নজর
সম্মেলনের প্রধান অতিথি পদ্মভূষণ ড. আর এস পরোদা কৃষি গবেষণা ও শিক্ষা দফতরের প্রাক্তন সচিব এবং আইসিএআরের প্রাক্তন মহাপরিচালক। তিনি বলেন, কৃষি ও তার সহযোগী ক্ষেত্রগুলির চাহিদা বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গবেষণার অগ্রাধিকারও নতুন করে নির্ধারণ করা প্রয়োজন।
উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার, ভুট্টার জিনগত সম্পদ বা জার্মপ্লাজমের পরিকল্পিত সংরক্ষণ এবং তার যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ভুট্টার উৎপাদন থেকে বিপণন পর্যন্ত মূল্যশৃঙ্খল মজবুত করার কথা বলেন। খাদ্য ও পশুখাদ্যের গুণমান বজায় রাখতে অ্যাফ্লাটক্সিন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। অ্যাফ্লাটক্সিন এক ধরনের বিষাক্ত ছত্রাকজাত দূষক, যা খাদ্য ও পশুখাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করতে পারে।
এর আগে মাইজ টেকনোলজিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (MTAI) সভাপতি ড. এইচ এস যাদব সম্মেলনে উপস্থিত অতিথিদের স্বাগত জানান। ভারতের কৃষি ব্যবস্থার পরিবর্তনে ভুট্টার কৌশলগত গুরুত্ব তুলে ধরে তিনি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়, নীতিনির্ধারক এবং শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
প্রকাশিত গবেষণাপত্র, সম্মানিত বিজ্ঞানীরা
সম্মেলনের উদ্বোধনী পর্বে কয়েকটি বৈজ্ঞানিক প্রকাশনার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। ভুট্টা গবেষণা ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট বিজ্ঞানী এবং গবেষকদের পুরস্কৃত করা হয়।
তিন দিনের এই আয়োজন শুধু উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সীমাবদ্ধ নয়। উন্নত বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়া, ফসলের পুষ্টিগুণ বাড়ানো, প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে পারে এমন জাত তৈরি এবং ভুট্টার বাজার সম্প্রসারণ—সব দিক নিয়েই আলোচনা হচ্ছে। গবেষণাগারে তৈরি প্রযুক্তি যাতে শেষ পর্যন্ত কৃষকের জমিতে পৌঁছয়, সেই প্রয়োজনীয়তার কথাও বারবার উঠে এসেছে।
দেশে ভুট্টার চাহিদা বাড়ছে, কিন্তু উৎপাদন বাড়ানোর সঙ্গে কৃষকের লাভের সম্পর্ক নিশ্চিত করাও জরুরি। বীজ, প্রযুক্তি, বাজার এবং চাষের খরচ—এই চারটি ক্ষেত্রে বাস্তব উন্নতি না হলে বড় উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষকের কাছে কতটা সুফল বয়ে আনবে, সেই প্রশ্ন থেকেই যায়। হায়দরাবাদের সম্মেলনে তাই উৎপাদনের লক্ষ্যের পাশাপাশি কৃষককে গবেষণার কেন্দ্রে রাখার বার্তাও বিশেষ গুরুত্ব পেয়েছে।
সূত্র : পিআইবি


