
ঝাড়গ্রাম: ২০১৬ সালের পুরনো মামলায় মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। উস্কানিমূলক বক্তব্য, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় দায়ের হওয়া ওই মামলায় তাঁর সঙ্গে আদালতে হাজির হন তৎকালীন বিজেপির রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষও।
দিলীপ ঘোষের আইনজীবী অর্চিস্মান সিনহা জানান, ২০১৬ সালের ১০ ডিসেম্বর নয়াগ্রামের বাসিন্দা সুমন সাহু দিলীপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের ২৫/২৭ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৫, ৫০৬ ও ১২০বি ধারায় মামলা রুজু করে পুলিশ।
সেই সময় দিলীপ ঘোষ খড়্গপুরের বিধায়ক থাকায় কলকাতার আদালতে মামলার শুনানি শুরু হয়েছিল।
পরবর্তীতে মামলাটি ঝাড়গ্রাম আদালতে স্থানান্তরিত হয়। এর আগেও দু’জন এই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
আইনজীবীর বক্তব্য, জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়গ্রাম জেলা আদালতের জেএম আদালতে ডাকা হয়েছিল। মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে।
এদিন আদালত চত্বরে দিলীপ ঘোষ পৌঁছতেই বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান।
উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিজেপির রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপথী, জেলা সভাপতি তুফান মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ব।
আদালতের কাজ মিটিয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদে যান পঞ্চায়েত মন্ত্রী। সেখানে সভাধিপতি গৌরী তালধি ও বিভিন্ন কর্মাধ্যক্ষদের সঙ্গে জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করেন।
কর্মাধ্যক্ষ কমল মাহাতো জানান, সুবর্ণরেখা ও কংসাবতী নদীর ভাঙন রোধে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি হাতির সমস্যা মোকাবিলায় ভিবি-জি রাম-জি প্রকল্পের মাধ্যমে খননের নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বিধায়ককে মারধরের ঘটনা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একাধিক কেলেঙ্কারির অভিযোগ করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীরও সমালোচনা করেন পঞ্চায়েত মন্ত্রী।
একদিকে পুরনো মামলায় আদালতে হাজিরা, অন্যদিকে জেলা পরিষদে উন্নয়নমূলক বৈঠক ও রাজনৈতিক ইস্যুতে মন্তব্য সব মিলিয়ে দিলীপ ঘোষের ঝাড়গ্রাম সফর ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।


