
জামুড়িয়া: গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়ার দুই পৃথক এলাকায় অভিযান চালাল পুলিশ। অভিযানে গাঁজা ও ব্রাউন সুগার উদ্ধারের দাবি করেছে জামুড়িয়া থানার পুলিশ। মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরপর দুই এলাকায় পুলিশের এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযানটি চালানো হয় জামুড়িয়া পাওয়ার হাউস এলাকার একটি মুদিখানার দোকানে। ওই দোকানে মাদক বিক্রির খবর পেয়ে সেখানে তল্লাশি চালান পুলিশকর্মীরা। দোকান থেকে মোট ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় বীরেন্দ্র গৌড় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
দ্বিতীয় অভিযানটি জামুড়িয়ার অন্য একটি এলাকায় চালানো হয়। সেখানে ব্রাউন সুগার উদ্ধারের পাশাপাশি আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে দ্বিতীয় অভিযানে কোথা থেকে কতটা ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
দুই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে কী কী ধারায় মামলা দায়ের হয়েছে এবং উদ্ধার হওয়া মাদকের উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ।


