
কলকাতা: এবছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি কলকাতা) ৪০.৫২৭ মিলিয়ন মেট্রিক টন (এমএমটি) পণ্য পরিবহণ করেছে। আগের অর্থবর্ষের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৮.৫৬২ এমএমটি। সামগ্রিক বৃদ্ধির হার ৫.১০ শতাংশ।


কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান শ্রী রথেন্দ্র রমন জানিয়েছেন, বন্দরের দুটি ডক ব্যবস্থাই এই বৃদ্ধিতে ইতিবাচক অবদান রেখেছে। হলদিয়া ডক কমপ্লেক্স (এইচডিসি) ২৯.৭৫২ এমএমটি পণ্য পরিবহণ করেছে। আগের বছরের একই সময়ে পণ্য পরিবহনের পরিমাণ ছিল ২৮.২৫৯ এমএমটি। বৃদ্ধির হার ৫.২৮ শতাংশ। কলকাতা ডক ব্যবস্থা (কেডিএস) ১০.৭৭৫ এমএমটি পণ্য পরিবহণ করেছে। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১০.৩০৩ এমএমটি। বৃদ্ধির হার ৪.৫৮ শতাংশ।
কন্টেনার পরিবহণে উল্লেখযোগ্য অগ্রগতি
কন্টেনার পরিবহণেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে এসএমপি কলকাতার। এবছর এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত ৫,৮৭,৩৯৯ টিইইউ কন্টেনার পরিবহণ করা হয়েছে। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫,৪৩,৯৮২ টিইইউ। সামগ্রিক বৃদ্ধির হার ৭.৯৮ শতাংশ।
কেডিএস ৪,৫৪,৩১০ টিইইউ কন্টেনার পরিবহণ করেছে। বৃদ্ধির হার ৭.৫১ শতাংশ। অন্যদিকে, এইচডিসি ১,৩৩,০৮৯ টিইইউ কন্টেনার পরিবহণ করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৯.৬৪ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের অক্টোবর মাসে কেডিএস-এর কন্টেনার পরিবহণে ১৫.৮৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। ওই মাসে ৬৪,২২৪ টিইইউ কন্টেনার পরিবহণ করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে এটি ছিল ৫৫,৪৪৯ টিইইউ। এসএমপি কলকাতার মাধ্যমে কন্টেনারজাত পণ্য পরিবহণের ধারাবাহিক অগ্রগতিরই প্রতিফলন এই পরিসংখ্যান।
বন্দরের চেয়ারম্যান শ্রী রমন জানিয়েছেন, বেসরকারি বার্থ পরিচালনাকারী সংস্থা এবং বন্দর কর্তৃপক্ষ, উভয় পক্ষের উদ্যোগেই জাহাজ পরিচালনার জন্য ডকে আরও ক্রেন যুক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে, এই অগ্রগতি এসেছে।
পাশাপাশি, ডায়মন্ড হারবার নোঙর এলাকায় কন্টেনার পরিবহণের জন্য ভাসমান ক্রেনের ব্যবহার পণ্য পরিবহণ বাড়াতে সাহায্য করেছে। জাহাজে অব্যবহৃত পণ্য পরিবহণ ক্ষমতা বা ডেড ফ্রেটও কমেছে।
হলদিয়ায় নতুন পণ্য: কুইক লাইম
প্রথমবারের মতো হলদিয়া বন্দরে এসেছে কুইক লাইম বা পোড়া চুন।
এবছর ১ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর দিব্বা থেকে এমভি এশিয়ান অনার জাহাজটি হলদিয়ায় পৌঁছায়। জাহাজটিতে বস্তাবন্দি ৮,১৩৩ টন কুইক লাইম এবং হাইড্রেটেড লাইম ছিল। ইস্পাত শিল্পে কুইক লাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্পাত পরিষ্কার করা, অশুদ্ধি দূর করা এবং স্ল্যাগ তৈরির কাজে এটি ব্যবহৃত হয়। এই নতুন পণ্য পরিবহণের ফলে বন্দর আরও বেশি শিল্পজাত পণ্য আকর্ষণ করতে পারবে। পূর্ব ভারতের শিল্পক্ষেত্রও এর মাধ্যমে উপকৃত হবে।
বন্দরের চেয়ারম্যান আরও জানিয়েছেন, এই অগ্রগতি উন্নত পরিচালন ব্যবস্থা, উন্নত পরিকাঠামো এবং গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার প্রতি বন্দরের প্রতিশ্রুতিরই পরিচয়। আগামী বছরগুলিতে আরও উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনে বন্দর প্রস্তুত।
সূত্র : পিআইবি


