
পুণে : দ্রুত বাড়ছে পুণে শহর। বাড়ছে কর্মসংস্থান, শিল্প-বাণিজ্য এবং মানুষের যাতায়াতের চাপও। সেই সঙ্গে বদলাচ্ছে শহরের পরিবহণের চাহিদা। এই পরিস্থিতিতে পুণের মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণে আরও এক ধাপ এগোল মহারাষ্ট্র। মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হিঞ্জেওয়াড়ি–শিবাজিনগর মেট্রোর তৃতীয় লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে পুণে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের চারটি নতুন করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন হওয়া লাইনে বুধবার, ৪ নভেম্বর থেকে যাত্রী পরিষেবা শুরু হবে।
হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্র থেকে শিবাজিনগর পর্যন্ত বিস্তৃত এই করিডরের দৈর্ঘ্য ২৩ কিলোমিটার। রয়েছে ২৩টি স্টেশন। প্রথম পর্যায়ে ১৭টি স্টেশনে পরিষেবা চালু হবে। বাকি ছ’টি স্টেশন আগামী বছরের জানুয়ারির মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই পথে নিয়মিত যাতায়াত করেন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, পড়ুয়া এবং শহরের বহু নিত্যযাত্রী। নতুন মেট্রো পরিষেবা চালু হলে তাঁদের যাতায়াতের ক্ষেত্রে বিকল্প একটি দ্রুত পরিবহণ ব্যবস্থা তৈরি হবে।
মঙ্গলবারই দ্বিতীয় পর্যায়ের চারটি নতুন করিডরের কাজের সূচনা হয়। সেগুলি হল বনাজ–চাঁদনি চক, রামওয়াড়ি–বিঠ্ঠলওয়াড়ি, খড়াড়ি–খড়কওয়াসলা এবং নল স্টপ–মানিকবাগ। এই করিডরগুলি নির্মিত হলে শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা মেট্রো পরিষেবার আওতায় আসবে। পুণের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি শহরের গণপরিবহণ ব্যবস্থার উপর চাপ কমাতেও এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সৌজন্যে : @narendramodi/X
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ২৬টি শহরে বর্তমানে মেট্রো পরিষেবা চালু রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দেশের মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ২৪৮ কিলোমিটার থেকে বেড়ে ১,২০০ কিলোমিটারেরও বেশি হয়েছে। প্রতিদিন এক কোটির বেশি মানুষ মেট্রোয় যাতায়াত করেন। মহারাষ্ট্রে চালু মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১৭৫ কিলোমিটার। উন্নত ভারতের লক্ষ্য সামনে রেখে গত ১২ বছরে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ, সড়ক ও রেল পরিকাঠামো উন্নয়নে বিস্তৃত কাজ করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও উন্নত গণপরিবহণ ব্যবস্থা পুনের পরিচিতি এবং অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখছে। অনুষ্ঠানের শুরুতে শহরবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, রাজ্য সরকার মেট্রো নেটওয়ার্কের বিস্তার এবং গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রায় ১২০ কিলোমিটার নতুন মেট্রো করিডর যুক্ত হলে শহরের মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়বে। তাঁর মতে, মেট্রো প্রকল্পের গুরুত্ব শুধু যাতায়াতের সময় কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে বাণিজ্য, শিল্প, কর্মসংস্থান এবং শহরের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও জড়িত। প্রায় ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ নগর অর্থনীতিকে নতুন গতি দিতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুণে মেট্রো প্রকল্পে বিনিয়োগের অঙ্কও উল্লেখযোগ্য। প্রথম পর্যায়ের কাজে ইতিমধ্যেই ৮,৩০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। দ্বিতীয় পর্যায়ের জন্য আনুমানিক ১৩,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দুই পর্যায় মিলিয়ে মোট ব্যয় ২২,০০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন করিডরের আরও একটি উল্লেখযোগ্য দিক, পুরো পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলা ট্রেনচালকেরা। বিদ্যুতের মোট চাহিদার ৩০ শতাংশ সৌরশক্তি থেকে মেটানোর পরিকল্পনাও রয়েছে। ফলে পরিবহণ পরিষেবার পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা এবং কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল। সশরীরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ ও সহযোগিতা প্রতিমন্ত্রী মুরলিধর মোহোল এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ার।
পুণের মতো দ্রুত সম্প্রসারিত শহরে গণপরিবহণের পরিসর বাড়ানো এখন বড় প্রয়োজন। নতুন মেট্রো করিডরগুলি সেই প্রয়োজন কতটা মেটাতে পারে, তা নির্ভর করবে পরিষেবার নিয়মিত পরিচালনা, স্টেশনগুলির সঙ্গে অন্যান্য পরিবহণের সংযোগ এবং যাত্রীদের কাছে তার গ্রহণযোগ্যতার উপর। আপাতত তৃতীয় লাইনের উদ্বোধনের মধ্য দিয়ে সেই পথে আরও একটি পদক্ষেপ করল পুণে ।


