E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

নবদ্বীপে ফুড সেফটি দপ্তরের অভিযানে পচা খাবার, পোড়া তেল উদ্ধার, বন্ধের নির্দেশ দুই প্রতিষ্ঠানকে

মঙ্গলবার নবদ্বীপের মণিপুর মোড়-সহ বিভিন্ন এলাকায় চার থেকে পাঁচটি হোটেল ও খাবারের দোকানে তল্লাশি চালায় ফুড সেফটি দপ্তর। দুটি প্রতিষ্ঠানকে সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটি রেস্তোরাঁর মালিক দপ্তরের অভিযোগের কিছু অংশ অস্বীকার করেছেন
নবদ্বীপে খাবারের দোকান ও রেস্তোরাঁয় ফুড সেফটি দপ্তরের বিশেষ অভিযান
নবদ্বীপে খাবারের দোকান ও রেস্তোরাঁয় ফুড সেফটি দপ্তরের বিশেষ অভিযান

নবদ্বীপ:রেস্তোরাঁর রান্নাঘরে পচা খাবার, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী, পোড়া তেল। কোথাও আবার রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়েও গুরুতর গাফিলতির অভিযোগ। মঙ্গলবার নবদ্বীপে ফের বিশেষ অভিযানে নেমে এমনই ছবি দেখল ফুড সেফটি দপ্তর। শহরের চার থেকে পাঁচটি হোটেল ও খাবারের দোকানে তল্লাশি চালিয়ে একাধিক অনিয়মের সন্ধান পান আধিকারিকেরা। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে নোটিশ।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মণিপুর মোড় এলাকার একটি হোটেল থেকে অভিযান শুরু হয়। সেখানে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় কর্তৃপক্ষকে নোটিশ দেন আধিকারিকেরা। এরপর কাছাকাছি একটি রেস্তোরাঁয় গিয়ে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি পচা খাবার ও অন্যান্য অনিয়মের সন্ধান মেলে। ওই রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশের আরও একটি খাবারের দোকানে গাফিলতি ধরা পড়ায় সেখানেও নোটিশ দেওয়া হয়। পরে মণিপুর এলাকার অন্য একটি হোটেলে অভিযান চালিয়ে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। সেই প্রতিষ্ঠানকেও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে ফুড সেফটি দপ্তরের এক আধিকারিক জানান, মোট চার থেকে পাঁচটি হোটেল ও খাবারের দোকানে তল্লাশি চালানো হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল। কোথাও পচা খাবার, কোথাও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী ও পোড়া তেল পাওয়া গিয়েছে। ওই সামগ্রী ব্যবহার না করার নির্দেশ দিয়ে বাতিল করানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় সংশোধনের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আধিকারিক আরও জানান, দুটি প্রতিষ্ঠানকে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একটি বড় রেস্তোরাঁর খাদ্য সুরক্ষা লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে। সেই প্রতিষ্ঠানকেও নোটিশ দেওয়া হয়েছে। নবদ্বীপে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী দিনেও নিয়মিত অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

তবে বন্ধ রাখার নির্দেশ পাওয়া একটি রেস্তোরাঁর মালিকের বক্তব্য, প্রায় ২০ বছর ধরে তাঁরা ব্যবসা করছেন। বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানে ১০ জন কর্মী কাজ করেন। তাঁর দাবি, মূলত পরিচ্ছন্নতা সংক্রান্ত আপত্তির কারণেই সাত দিন রেস্তোরাঁ বন্ধ রাখতে বলা হয়েছে। কোনও মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়নি, এমনকি খাবার বা অন্য কোনও সামগ্রী বাজেয়াপ্তও করা হয়নি বলে দাবি করেছেন তিনি।

দপ্তরের অভিযানে উঠে আসা অভিযোগ এবং রেস্তোরাঁ মালিকের বক্তব্য—দুইয়ের মধ্যেই স্পষ্ট, শহরের খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে নজরদারি আরও জরুরি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss