
কলকাতা: দীর্ঘ ১০ থেকে ১২ বছর পেরিয়ে গেলেও মেলেনি চাকরি। নিয়োগের অপেক্ষায় থাকতে থাকতে এবার ফের আন্দোলনের পথে আপার প্রাইমারি টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে ২০১৫ আপার প্রাইমারি টেট পাস ও সার্টিফিকেট মঞ্চ। মঞ্চের তরফে জানানো হয়েছে, ২০১১ ও ২০১৫ সালের আপার প্রাইমারি টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত সমস্ত চাকরিপ্রার্থীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, গত ১০ থেকে ১২ বছর ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন তাঁরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগের বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। তবে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়োগ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই দাবিকে সামনে রেখেই আজ বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি, সমস্যার কথা ও দীর্ঘদিনের অপেক্ষার বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। দীর্ঘদিনের নিয়োগ জট কাটিয়ে কবে চাকরির সুযোগ পাবেন হাজার হাজার আপার প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থী, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।


