
মালদা: একসময় ঘন জঙ্গলের অন্ধকারে মশালের আলোয় ডাকাতদের গোপন আরাধনার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীর পুজো। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি, বদলেছে পুজোর উদ্যোক্তা। কিন্তু প্রায় ৩০০ বছর পরেও অটুট রয়েছে সেই প্রাচীন ঐতিহ্য ও মানুষের বিশ্বাস। মালদার হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের মানিকোড়া এলাকায় আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পূজিতা হন ঐতিহ্যবাহী ‘মানিকোড়া কালী’। এই পুজোকে ঘিরে রয়েছে একাধিক রোমাঞ্চকর লোককাহিনি ও প্রাচীন প্রথা। স্থানীয় প্রবীণদের মুখে প্রচলিত কাহিনি অনুযায়ী, প্রায় তিনশো বছর আগে পুনর্ভবা নদী পেরিয়ে বর্তমান বাংলাদেশের দিক থেকে ডাকাতের দল গভীর রাতে জঙ্গলঘেরা মানিকোড়ায় আসত। মশালের আলোয় দেবীর পুজো সেরে সূর্য ওঠার আগেই ফিরে যেত নিজেদের ডেরায়। পরবর্তীতে ডাকাতদের আনাগোনা বন্ধ হয়ে গেলে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলের মধ্যে পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান। তাঁর উদ্যোগেই নতুন করে শুরু হয় দেবীর আরাধনা। জমিদারি প্রথার অবসানের পর পুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন গ্রামবাসীরা। সেই থেকে আজও সর্বজনীন উদ্যোগে চলে আসছে এই প্রাচীন কালীপুজো। এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, প্রাচীন ঐতিহ্য মেনে আজও মশাল জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। পুজোকে কেন্দ্র করে সাত দিন ধরে বসে বিশাল মেলা। মালদা জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিনরাজ্য থেকে অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দিরে। ভক্তদের বিশ্বাস, মানিকোড়া কালী অত্যন্ত জাগ্রত। মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হয়। পুজো কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য জানান, মানিকোড়া কালীপুজোকে ঘিরে বহু প্রাচীন কাহিনি প্রচলিত রয়েছে। একসময় পুনর্ভবা নদীর ওপার থেকে ডাকাতরা মায়ের পুজো দিতে আসত। পরে জমিদারের উদ্যোগে পুনরায় পুজো শুরু হয় এবং বর্তমানে গ্রামবাসীরাই সমস্ত দায়িত্ব পালন করেন। পুজোর সময় রাতভর চলে পাঠাবলি। স্থানীয়দের দাবি, প্রতিবছর প্রায় দুই হাজার পাঠা বলি দেওয়া হয়। দেবীকে ঘিরে রয়েছে আরও একটি রহস্যময় লোকবিশ্বাস। প্রচলিত কাহিনি অনুযায়ী, গভীর রাতে চক্ষুদান ও পাঠাবলির সময় দেবীমূর্তি নাকি কেঁপে ওঠে এবং সামনের দিকে ঝুঁকে পড়ে। সেই কারণে অতীতে দেবীমূর্তিকে সোজা অবস্থায় ধরে রাখতে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার রীতি ছিল বলে শোনা যায়। বর্তমানে সেই প্রথা না থাকলেও চক্ষুদান ও পাঠাবলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই বিশেষ রীতি। পুজোর দিন এলাকার বহু মানুষ নিরামিষ আহার করেন। এমনকী গ্রামের কোনও শুভ অনুষ্ঠান শুরু করার আগেও দেবীর কাছে পুজো দেওয়ার প্রচলন রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে মানিকোড়া কালী শুধুমাত্র আরাধ্য দেবী নন, তিনি এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। পুজো কমিটির সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ চিরঞ্জিত শীল জানান, শুধু বার্ষিক কালীপুজো নয়, সারা বছর ধরেই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আষাঢ় মাসে মায়ের থানে আষাঢ়ি পুজো হয়। পাশাপাশি অগ্রহায়ণ মাসে নতুন ফসল ঘরে তোলার আগে মন্দিরে নবান্ন পুজোর আয়োজন করা হয়। মন্দিরে নবান্ন পুজো সম্পন্ন হওয়ার পরেই গ্রামের মানুষ নিজেদের বাড়িতে নবান্ন উৎসব পালন করেন। সব মিলিয়ে একসময়ের ডাকাতদের গোপন আরাধনা থেকে আজকের সর্বজনীন ধর্মীয় উৎসব – দীর্ঘ তিনশো বছরের ইতিহাস ও ঐতিহ্য বুকে নিয়ে আজও স্বমহিমায় বিরাজ করছেন মানিকোড়া কালী। সময় বদলেছে, বদলেছে সমাজের চিত্র, কিন্তু বদলায়নি দেবীকে ঘিরে মানুষের ভক্তি, আবেগ ও অগাধ বিশ্বাস।


