
নদিয়া: বেআইনি মদের ঠেকের পাশের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার শান্তিপুরে। খুনের অভিযোগ তুলে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে উত্তেজনা ও বিক্ষোভ।
ঘটনাটি শান্তিপুর থানার বাগাচড়া গ্রাম পঞ্চায়েতের বাগদেবীপুর এলাকার। মৃত ব্যক্তির নাম কালুয়া শেখ (প্রায় ৪০)। তাঁর বাড়ি গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ভোলাডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের জমিতে চাষাবাদের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন তিনি। বাগদেবীপুর এলাকায় তাঁর চাষের জমি রয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, ওই চাষের জমির পাশেই বিশু নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদের কারবার চালিয়ে আসছেন।
অভিযোগ, এদিন সকালেও প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করছিলেন কালুয়া শেখ। কিছুক্ষণ পর স্থানীয়দের নজরে আসে, জমির পাশেই ওই মদের ঠেকের মালিকের একটি পুকুরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। পরে পরিচয় জানা যায়, মৃত ব্যক্তি কালুয়া শেখ।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়। মৃত্যুর পিছনে খুনের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।
পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা।
তাঁদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে হবে ও বেআইনি মদের কারবার বন্ধ করতে হবে।
দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, যে দোকানটিতে বেআইনি মদের ঠেক চালানোর অভিযোগ উঠেছে, সেটি তালাবন্ধ করে সিল করার উদ্যোগও নেয় পুলিশ।


