
নেপাল: মাউন্ট এভারেস্ট সংলগ্ন সোলুখুম্বু জেলায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের।
মঙ্গলবার সকালে ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি হেলিকপ্টারের। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক হেলিকপ্টারের পাইলটও।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার দুটি ফিশটেল এয়ার এবং এয়ার ডায়নাস্টি সংস্থার। স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ তুষারাবৃত ফেরিচে হেলিপ্যাডে অবতরণের চেষ্টা করছিল হেলিকপ্টার দুটি। সেই সময়ই ঘটে সংঘর্ষ। দুর্ঘটনার জেরে দু’টি হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মৃত ভারতীয় নাগরিকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেল এয়ারের হেলিকপ্টারে যাত্রী হিসেবে ছিলেন। ওই হেলিকপ্টারেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল। সংঘর্ষে তিনিও আহত হয়েছেন।
সোলুখুম্বুর পুলিশ প্রধান মৌসম তামাং জানিয়েছেন, আহত শৈলেশ কৃষ্ণ প্যাটেলকে প্রভু হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এয়ার ডায়নাস্টির হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতিও আহত হয়েছেন। ফিশটেল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কে সি।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিমরিক এয়ারের আরও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দুর্ঘটনাস্থলের ছবি ও দৃশ্যে দেখা গিয়েছে, তুষারে ঢাকা হেলিপ্যাডে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে দুটি হেলিকপ্টার।
কী কারণে দুটি হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।


