
শিলিগুড়ি: বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সরগরম শিলিগুড়ির রাজনৈতিক মহল। এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে এসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
স্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা।
সুকান্ত মজুমদার স্টেশনের বাইরে আসতেই তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির নির্ধারিত মহামিছিলে যোগ দিতেই তাঁর এই শিলিগুড়ি সফর।
‘বাঘাযতীন পার্ক চলো’ স্লোগানকে সামনে রেখে এদিন শহরে মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড ধরে মহাত্মা গান্ধী চকে পৌঁছবে। সেখানে মিছিল শেষে পথসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কর্মসূচিতে সুকান্ত মজুমদার-সহ রাজ্য ও জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া, নির্ভুল ভোটার তালিকা তৈরি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরেও একাধিক কর্মসূচি রয়েছে। শিলিগুড়িতে পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার- ব্যাটার রিচা ঘোষ ও প্রবীণ বিজেপি নেতা মাখন সরকারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর মহামিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
মহামিছিল ও মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিলের রুট, যান চলাচল নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে বিজেপির এই মহামিছিলকে ঘিরে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।


