
অন্ধ্রপ্রদেশ : প্রবেশ শুরু ঘণ্টায় ১০০–১১০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র। প্রক্রিয়া শুরু রাত ১টা থেকে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড়ইতিমধ্যেই দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। মঙ্গলবার রাত ১টা নাগাদ এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। সোমবার রাত থেকেই উপকূলের দিকে এগোচ্ছিল ঘূর্ণিঝড়টি। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের প্রভাব কতটা বিস্তৃত হয় এবং কোন কোন এলাকায় তার অভিঘাত বেশি পড়ে, এখন সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও আবহ বিদদের।

সোমবার রাতে আইএমডির পূর্বাভাস অনুযায়ী জানা গেছে , ‘মুরাসু’ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সময় প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রাখতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকার আশঙ্কা। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও সতর্ক করেছিল আবহাওয়া দফতর। নেল্লোর থেকে নারসাপুরের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে, ওঙ্গোলের কাছাকাছি ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত , সোমবার সন্ধ্যায় আইএমডির পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছিল যে মছলিপত্তনম ডপলার রাডারের ছবিতে ঘূর্ণিঝড়টির বৃষ্টিবলয় ও মেঘের ঘূর্ণায়মান স্পষ্ট বিন্যাস। রাডারের চিত্রে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে ঘন বৃষ্টিবলয় তৈরি হতে দেখা গিয়েছে। মঙ্গলবার ভোরে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে আইএমডি পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী নিচু এলাকায় ঝড়ের জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে বলে আগাম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উত্তর তামিলনাড়ুর উপকূলীয় এলাকাতেও ঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। ঝড়ের সময় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এখন অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ, বাতাসের গতি এবং সম্ভাব্য জলোচ্ছ্বাসের পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হলেও তার সম্পূর্ণ অগ্রগতি এবং ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে আরও সময় লাগবে।


