
কলকাতা: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শানিয়ে মহানগরীর পদযাত্রায় ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে বিজেপির সর্বভারতীয় সভাপতির। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রবিবার নতুন দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মিছিলের পাল্টা জবাব দিতে কলকাতার রাজপথে নামল বিজেপি। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করল গেরুয়া শিবির। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পদযাত্রার মঞ্চ থেকে কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে গণতন্ত্রকে অস্থির করার অভিযোগ তোলার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতি, অনুপ্রবেশ এবং রাজ্যের সম্পদের অধিকার নিয়েও একের পর এক বার্তা দিলেন নবীন। তাঁর দাবি, ৪ মে-তেই বাংলার মানুষ অরাজকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ এই স্লোগানকে সামনে রেখে এ দিনের কর্মসূচি নেয় বিজেপি। দিল্লিতে আগের দিনই এসআইআর ও ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদে সরব হয়েছিল বিরোধী জোট। সেই কর্মসূচির পরদিনই কলকাতায় পদযাত্রা করে পাল্টা রাজনৈতিক শক্তি দেখাল বিজেপি। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া আজকের এই মহামিছিল এগিয়ে যায় ধর্মতলার দিকে। দলের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের প্রচার এবং শাসক সরকারকে অস্থির করার চেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই অভিযান।
জাতীয় পতাকা হাতে পদযাত্রায় হাঁটেন নিতিন নবীন, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। তাঁদের সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকেরা। অনুমানিক প্রায় কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে দিতে দেখা যায়। একই দিনে বিহারের ভাগলপুরেও পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন নবীন। অর্থাৎ, এসআইআর নিয়ে বিরোধীদের প্রতিবাদের জবাবে একাধিক রাজ্যে একই রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে বিজেপি সরকার।

পশ্চিমবঙ্গের সম্পদের উপর কার অধিকার থাকবে, তা নিয়েও স্পষ্ট রাজনৈতিক বার্তা দিয়েছেন তিনি। এদিন ধর্মতলার সভামঞ্চ থেকে বলেন , “আমাদের সরকার নিশ্চিত করবে, পশ্চিমবঙ্গের সম্পদের উপর প্রথম অধিকার এখানকার মানুষের, অনুপ্রবেশকারীদের নয়।” একই সঙ্গে দাবি করেছেন, গোটা পশ্চিমবঙ্গ এখন ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ ও ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। রাজ্যের সম্পদ ও অনুপ্রবেশের প্রশ্নকে এক সূত্রে বেঁধে বিজেপি যে রাজনৈতিক প্রচার চালাতে চাইছে, তাঁর এই বক্তব্যে তা স্পষ্ট।
তিনি আরও বলেন , “পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে অরাজকতাকে তাঁরা প্রত্যাখ্যান করেছেন, তাকে আর কোনও ‘টুলকিট’ দিয়ে বাঁচানো যাবে না।” অর্থাৎ, বাংলার নির্বাচনী ফলকে সামনে রেখে বিরোধীদের রাজনৈতিক আন্দোলনকে তিনি জনমতের বিরোধী বলে তুলে ধরতে চেয়েছেন। ‘টুলকিট’ শব্দটি ব্যবহার করে বিদেশি শক্তির প্রভাবের অভিযোগও ফের সামনে এনেছেন তিনি।
অনুপ্রবেশের প্রশ্নেও কড়া অবস্থানের কথা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন , “বিজেপি সরকার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।” বিজেপি ভোটার তালিকা সংশোধনকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবে তুলে ধরছে। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ভোটার তালিকার সংশোধন এখন প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক বিতর্কেরও কেন্দ্রে।
মঞ্চ থেকে তিনি আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানা করেন। তাঁর বক্তব্য, “যাঁরা মনে করেন, ইউরোপ, বাংলাদেশ ও নেপালের মতো ভারতকেও অস্থির করে তুলবেন, তাঁদের বিজেপির প্রত্যেক কর্মী যোগ্য জবাব দেবেন।” বিজেপির কর্মীদের ভূমিকা নিয়েও আলাদা করে তাঁর বক্তব্যে জানান , “গণতন্ত্রের প্রহরী হিসেবে অরাজকতার বিরুদ্ধে বিজেপির প্রত্যেক কর্মী আজ রাস্তায় নেমেছেন।” তাঁর বক্তব্য, শুধু পদযাত্রা দলের কর্মসূচি নয়, গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অংশ। প্রসঙ্গত, এদিন দলের কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যায় শহরের সাধারণ মানুষও এই পদযাত্রায় অংশ নিয়েছেন।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনকেই আক্রমণ শানিয়েছে সভাপতি। তাঁর কটাক্ষ, “বাংলা এখন মমতা-মুক্ত। দিল্লিকেও রাহুল গান্ধী-মুক্ত করুন।” একই সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এসআইআরকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া হিসেবে বক্তব্য রাখেন । মুখ্যমন্ত্রীর বলেন,“এসআইআরের অর্থ হল, অনুপ্রবেশকারী ভাগাও”। ধর্মতলার মঞ্চে সভাপতির মুখে শুভেন্দুর প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, মমতামুক্ত বাংলা থেকে তোলাবাজি শেষ হয়ে গিয়েছে। রাজ্যে তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করেছেন শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী ‘অনুপ্রবেশকারী ভাগাও’ স্লোগান তুলে হুঙ্কার দেন গত নির্বাচনের মতো কলকাতা, হাওড়া পুরনির্বাচনেও বিরোদীদের সাফ করে দেবে বিজেপি। পশ্চিমবঙ্গে শাসক দলের সামনে এখন কলকাতা ও হাওড়ার পুরসভা নির্বাচনও পাখির চোখ।
কলকাতার কর্মসূচির পরে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন লেখেন, “আজ মা দুর্গার পবিত্র ভূমি কলকাতায় ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ অভিযানের অংশ হিসেবে আয়োজিত পদযাত্রায় যোগ দিলাম।
পশ্চিমবঙ্গের মানুষ ৪ মে-তেই অরাজকতার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। বিদেশি শক্তির কথায় যারা চলে, তাদের বুঝতে হবে, বিজেপির প্রত্যেক কর্মী দেশের গণতন্ত্র রক্ষায় সচেষ্ট। আমাদের সরকার নিশ্চিত করবে, পশ্চিমবঙ্গের সম্পদের উপর প্রথম অধিকার এখানকার মানুষের, অনুপ্রবেশকারীদের নয়।এখন গোটা পশ্চিমবঙ্গ ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ ও ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।”
এরপরেই বিদেশি শক্তির কথায় যারা চলে, তাদের উদ্দেশে নাম না করেই একটি পোস্টে ভিডিও শেয়ার করে সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন,পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে অরাজকতাকে তাঁরা প্রত্যাখ্যান করেছেন, তাকে আর কোনও ‘Toolkit’ দিয়ে বাঁচানো যাবে না।”
তাঁর এই বক্তব্যে সরাসরি কোনও ব্যক্তির নাম না থাকলেও ‘বিদেশি শক্তির টুলকিট’ প্রসঙ্গ তুলে বিরোধীদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি।
মহানগরীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা হল। অন্যদিকে, হায়দরাবাদে একই ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচিতে নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই দিনে দুই শীর্ষ নেতাকে সামনে রেখে কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দল বুঝিয়ে দিল, এসআইআর-বিতর্ককে তারা কেবল ভোটার তালিকা সংশোধনের প্রশাসনিক প্রশ্নে সীমাবদ্ধ রাখতে চাইছে না। বিরোধীদের প্রতিবাদকে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি অনুপ্রবেশ, জাতীয় নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষার প্রশ্নের সঙ্গে যুক্ত করে বৃহত্তর জনমত গড়ে তোলার চেষ্টা করছে সরকার। কলকাতায় নিতিন নবীন বাংলার রাজনৈতিক পরিবর্তন ও রাজ্যের সম্পদের উপর স্থানীয় মানুষের অধিকারের কথা বলেছেন; হায়দরাবাদে অমিত শাহের আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস ও বিরোধীদের এসআইআর-বিরোধী অবস্থান। দুই কর্মসূচির বক্তব্যে রাজনৈতিক লক্ষ্য এক। তবে এই রাজনৈতিক সংঘাতের শেষ কথা বলবে জনমত; আর এসআইআর নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও তথ্যের ভিত্তিতেই।


