E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বেলুড় জিআরপির বড়সড় সাফল্য! ডানকুনিতে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ মহিলা

আনুমানিক বাজারমূল্য ৭৬ লক্ষ টাকা, গাঁজা পাচারচক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি
ডানকুনি স্টেশনে বেলুড় জিআরপির অভিযানে উদ্ধার হওয়া ৩৮ কেজি গাঁজা
ডানকুনি স্টেশনে বেলুড় জিআরপির অভিযানে উদ্ধার হওয়া ৩৮ কেজি গাঁজা

হাওড়া: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বেলুড় জিআরপি। ডানকুনি স্টেশনের ওভারব্রিজের নিচে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করল রেল পুলিশ। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে বেলুড় জিআরপির কাছে খবর আসে, ১২২০৪/১২৩৮৩ নম্বরের এসবিএমটি বেঙ্গালুরু – হামসফর এক্সপ্রেসে কয়েকজন ব্যক্তি গাঁজা-সহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাতায়াত করছেন।

এই খবরের ভিত্তিতে বেলুড় জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত শীলের নেতৃত্বে এক পুলিশ আধিকারিক ও দুই মহিলা কনস্টেবলকে নিয়ে একটি দল গঠন করা হয়। এরপর সাদা পোশাকে ডানকুনি স্টেশনের ওভারব্রিজের নিচে শুরু হয় তল্লাশি অভিযান।

তল্লাশি চলাকালীন তিন মহিলাকে পিঠব্যাগ ও সাইড ব্যাগ নিয়ে আসতে দেখা যায়।

পুলিশি তৎপরতা নজরে পড়তেই তাঁরা ব্যাগ রেখে ধীরে ধীরে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁদের আচরণে সন্দেহ হওয়ায় এক মহিলা কনস্টেবলের সহায়তায় তিনজনকে আটক করা হয়। এরপর ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।

পুলিশ জানিয়েছে, মোট ৩২টি প্যাকেটে ব্রাউন টেপ দিয়ে মুড়ে গাঁজাগুলি পিঠব্যাগ ও একটি মহিলাদের হ্যান্ডব্যাগের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ৩৮ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তিন মহিলা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে দাবি, তাঁরা নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে গাঁজা নিয়ে ডানকুনি ও আশপাশের এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলেন।

এই কাজের বিনিময়ে তাঁরা টাকা পেতেন ও নিজেরাও গাঁজা বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল বলে জানা গিয়েছে। তবে অভিযানের সময় ভিড়ের সুযোগ নিয়ে ওই সহযোগীরা পালিয়ে যায় বলে পুলিশের দাবি।

ধৃত তিন মহিলাকে সোমবার আদালতে পেশ করা হবে। এই গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কাদের কাছে তা বিক্রি করার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বেলুড় জিআরপি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss