E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

৩ নভেম্বর মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর, আগাম নিরাপত্তা পরিদর্শনে মনোজ বর্মা

বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত মিছিলের প্রস্তুতি। সম্ভাব্য জমায়েত ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন আধিকারিকদের
৩ নভেম্বর মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখছেন আধিকারিকরা
৩ নভেম্বর মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখছেন আধিকারিকরা

শিলিগুড়ি: আগামী ৩ নভেম্বর শিলিগুড়ির রাজপথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিছিল ও জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে।

মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে আগাম নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়িতে পৌঁছলেন সিএম সিকিউরিটি ডিরেক্টর মনোজ বর্মা।

তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ গোয়েন্দা বিভাগের একাধিক আধিকারিক।

সফরের প্রস্তুতির অংশ হিসেবে প্রথমে রিচা ঘোষের বাড়িতে যান নিরাপত্তা আধিকারিকরা।

এরপর তাঁরা বিজেপির বরিষ্ঠ সক্রিয় কর্মী মাখনলাল সরকারের বাড়িতেও যান।

পরবর্তীতে শিলিগুড়ি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন তালিকায় ছিল বাঘাযতীন পার্ক, হাসমি চক সহ মহাত্মা গান্ধি চক-সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান।

বিশেষ করে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য মিছিলের রুট, জনসভাস্থল সহ আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

কোথায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা প্রয়োজন, সাধারণ মানুষের চলাচল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি কীভাবে বাড়ানো যায়, সেই সমস্ত বিষয়কে গুরুত্ব দিয়ে পরিদর্শন করা হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

সূত্রের খবর, বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড ধরে মহাত্মা গান্ধি চক অর্থাৎ এয়ারভিউ মোড়ে পৌঁছবে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং সমতল ও জলপাইগুড়ি জেলার নেতা-কর্মীদের নিয়ে এই কর্মসূচি সংগঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মিছিলে প্রায় ২০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রাও রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

মুখ্যমন্ত্রীর সফর ও বড় জমায়েতের সম্ভাবনাকে মাথায় রেখে আগেভাগেই নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss