
শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলিগঞ্জ চেকপোস্টে পুলিশের অভিযানে উদ্ধার হল ৪৫টি মোষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মোষ বোঝাই দুটি গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরে মুরলিগঞ্জ চেকপোস্টে অসমের নম্বরপ্লেটযুক্ত দুটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় প্রথম গাড়ি থেকে ১৯টি ও দ্বিতীয় গাড়ি থেকে ২৬টি মোষ উদ্ধার হয়। সব মিলিয়ে মোট ৪৫টি মোষ উদ্ধার করে পুলিশ।
অভিযোগ, গাড়ি দুটিতে মোষ পরিবহণের কোনও বৈধ নথিপত্র ছিল না। এরপর উদ্ধার হওয়া মোষগুলির পাশাপাশি দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় ও ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আইনানুগ ধারায় পৃথক দুটি মামলা রুজু করেছে পুলিশ। মোষগুলি কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


