
কলকাতা: ক্যালেন্ডারে নভেম্বরের দ্বিতীয় দিন। কার্তিক পেরিয়ে অগ্রহায়ণের দিকে এগোচ্ছে বাংলা। অথচ আবহাওয়ার মেজাজে শীতের কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। সোমবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবারের আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। দুপুরের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও অস্বস্তি বজায় থাকতে পারে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে এই বৃষ্টিতে গরমের দাপট কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। আপাতত শীতের পোশাক বের করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বরং নভেম্বরের শুরুতেও গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গেই দিন কাটাতে হচ্ছে বঙ্গবাসীকে।


