
মুর্শিদাবাদ: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টাকা পাচারের আগেই পুলিশের জালে এক যুবক। রবিবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের অভিযানে ৩০ লক্ষ টাকা নগদ-সহ গ্রেফতার হলেন আসিফ রহমান (৩৩)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাসপাড়ায়। ধৃতের কাছ থেকে নগদ টাকার পাশাপাশি একটি স্কুটি এবং দু’টি স্মার্টফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে, চোরাই সম্পত্তি বিক্রি করে পাওয়া বিপুল পরিমাণ নগদ টাকা স্কুটিতে করে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সেই টাকা বাংলাদেশে পাচারের পরিকল্পনা রয়েছে বলেও খবর পায় পুলিশ। খবরের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করেন রঘুনাথগঞ্জ থানার আধিকারিকেরা।
রাত প্রায় ১টা ৪৫ মিনিট নাগাদ অ্যাপেক্স বাঁধ সংলগ্ন এলাকায় স্কুটিতে থাকা এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় তল্লাশি। ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ খুলতেই মেলে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা। উদ্ধার হওয়া টাকার মধ্যে ছিল ৫০০ ও ১০০ টাকার নোট। সব মিলিয়ে নগদের পরিমাণ ৩০ লক্ষ টাকা। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় আসিফ রহমানকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় স্কুটি ও দু’টি স্মার্টফোন।
জঙ্গিপুরের এসডিপিও লক্ষ্মণ প্রতাপ চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চুরি হওয়া সামগ্রী বিক্রি করে পাওয়া টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। তবে ঠিক কোন চুরির ঘটনায় এই টাকা পাওয়া গিয়েছে, এর পিছনে কোনও বড় অপরাধ বা ডাকাতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে কয়েক দিন আগের আরও একটি ঘটনার প্রসঙ্গও উঠে এসেছে। ওই এলাকায় সম্প্রতি ৬৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল। বর্তমান উদ্ধার ও গ্রেফতারের সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে আন্তঃজেলা, আন্তঃরাজ্য কিংবা আন্তর্জাতিক পাচারচক্রের ভূমিকা রয়েছে কি না, সে দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টাকার উৎস এবং সম্ভাব্য চক্রের সন্ধান পেতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


