
গোঘাট: -দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোঘাটের হরিশ্চন্দ্রপুর গ্রাম। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং শেষ পর্যন্ত হাতাহাতির ঘটনায় ছড়াল ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সংঘর্ষে জড়িয়ে পড়েন এলাকার মহিলারাও। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় গোঘাট থানায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গোঘাট-১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামের। এলাকার প্রায় ১৩৫টি পরিবারের প্রতিদিনের যাতায়াতের অন্যতম ভরসা এই রাস্তা। দীর্ঘদিন ধরেই রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয়। কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরা রাস্তা। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষাকালে কাদাজল ও গর্তের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলপড়ুয়া, সকলকেই কার্যত সমস্যার মুখে পড়তে হয়।
দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু যে রাস্তা ঘিরে এতদিন মানুষের দুর্ভোগ, সেই রাস্তা তৈরির কাজ শুরু হতেই দেখা দেয় নতুন বিপত্তি। নির্মাণকাজকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মতবিরোধ তৈরি হয়। প্রথমে দু’পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যেই সেই বচসা উত্তপ্ত পরিস্থিতির রূপ নেয়। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন দু’পক্ষের লোকজন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মহিলারাও বিবাদে জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
তবে এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। যে রাস্তার উপর নির্ভরশীল ১৩৫টি পরিবার, সেই রাস্তা নির্মাণ ঘিরে কেন এমন সংঘাত? কী কারণে তৈরি হল এই বিরোধ? রাস্তা নির্মাণের কাজ কি এবারও বাধার মুখে পড়বে?
একদিকে দীর্ঘদিনের বেহাল রাস্তা, অন্যদিকে নতুন করে বিবাদ ও উত্তেজনা। সব মিলিয়ে কার্যত দিশেহারা এলাকার সাধারণ বাসিন্দারা। তাঁদের দাবি, ব্যক্তিগত বিবাদ বা মতবিরোধের ঊর্ধ্বে উঠে দ্রুত রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হোক। কারণ, এই রাস্তা কোনও এক পক্ষের নয়, এলাকার ১৩৫টি পরিবারের প্রতিদিনের চলাচলের অন্যতম মাধ্যম। এখন দেখার কবে স্বস্তির রাস্তা পান হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা।


