
রোহতক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের আবহেই পাল্টা রাজনৈতিক আক্রমণে নামল বিজেপি। রবিবার হরিয়ানা দিবসে রোহতকে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রার নেতৃত্ব দিয়ে কংগ্রেসের নির্বাচনী ইতিহাস, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ এবং অনুপ্রবেশকারীদের প্রশ্নে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর নিশানায় ছিলেন কংগ্রেস নেতৃত্ব তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন প্রথমেই স্মরণ করিয়ে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনী মামলা। ১৯৭৫ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে রায়বরেলী কেন্দ্র থেকে ইন্দিরার নির্বাচন বাতিল হওয়ার প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, নির্বাচনে সরকারি ক্ষমতা ও প্রশাসনিক যন্ত্রের অপব্যবহারের ইতিহাস কংগ্রেসেরই। আদালতের সেই রায়ের উল্লেখ করে তিনি দাবি করেন, নির্বাচনী অনিয়মের প্রশ্নে কংগ্রেসের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।
ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়ার বিরোধী অভিযোগ নিয়েও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানান বিজেপি সভাপতি। তাঁর বক্তব্য, বাদ পড়া প্রতিটি নামের হিসাব বিজেপি কিংবা এনডিএ-র সাধারণ কর্মী, এমনকি স্থানীয় মণ্ডল স্তরের নেতারাও দিতে প্রস্তুত। রাজপথে আলোচনা চাইলে রাজপথেই, আর সংসদে বিষয়টি তুললে সংসদেই জবাব দেওয়া হবে বলে জানান তিনি। বিরোধীদের অভিযোগের জবাবে হিসাব প্রকাশের এই চ্যালেঞ্জকেই এ দিনের বক্তব্যের অন্যতম প্রধান রাজনৈতিক বার্তা বলে মনে করা হচ্ছে।
অনুপ্রবেশকারীদের প্রসঙ্গেও কংগ্রেসকে আক্রমণ করেন নিতিন নবীন। তাঁর অভিযোগ, বিরোধীরা অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় সরব হয়েছে। বিজেপি ও এনডিএ কর্মীরা তাঁদের দেশ থেকে বিতাড়নের লড়াই চালিয়ে যাবেন বলেও ঘোষণা করেন তিনি। কোনও অবস্থাতেই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিক অধিকার দেওয়া উচিত নয় বলে তাঁর বক্তব্য।
উল্লেখ্য, একই দিনে দিল্লির রামলীলা ময়দানে এসআইআর ও কথিত ভোটচুরির অভিযোগে সমাবেশ করে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলে বিরোধী শিবির। সেই কর্মসূচির পাল্টা রাজনৈতিক আবহেই রোহতকের পদযাত্রায় কংগ্রেসকে আক্রমণ শানায় বিজেপি। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি, প্রদেশ বিজেপি সভানেত্রী ডা. অর্চনা গুপ্তা, দলের অন্যান্য নেতা এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকও পদযাত্রায় অংশ নেন।



