
মেদিনীপুর: উৎসবের রেশ কাটলেও শহরের ব্যস্ত রাস্তা থেকে এখনও সরেনি পুজোর তোরণ। মেদিনীপুরের কালেক্টরেট মোড় থেকে কেরানিটোলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথে দাঁড়িয়ে রয়েছে ৩০টিরও বেশি তোরণ। দীর্ঘদিন ধরে সেগুলি খোলা না হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের আশঙ্কা, বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার ধাক্কায় কোনও তোরণ ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
শুধু দুর্ঘটনার আশঙ্কাই নয়, তোরণগুলির কারণে প্রতিদিনের যান চলাচলেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। শহরবাসী শৈবাল দাস ও প্রহ্লাদ মিশ্রের বক্তব্য, ব্যস্ত রাস্তায় তোরণ থাকায় যানজট তৈরি হচ্ছে। দ্রুত সেগুলি সরানোর ব্যবস্থা করা প্রয়োজন।
পুরসভা সূত্রে খবর, লক্ষ্মীপুজোর মধ্যেই তোরণ খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুজো কমিটি ও ডেকরেটর মালিকদের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের পর কয়েকটি জায়গায় তোরণ খোলার কাজ শুরু হলেও এখনও একাধিক কাঠামো সরানো হয়নি। ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
এদিকে তোরণ খোলার পরেও নতুন সমস্যার মুখে পড়ছেন পথচলতি মানুষ। রাস্তার উপর পড়ে থাকা পিন ও পেরেকের কারণে সাইকেল এবং মোটরবাইক চালকদের অসুবিধা হচ্ছে বলে অভিযোগ। এতে দুর্ঘটনা বা টায়ার পাংচারের আশঙ্কাও তৈরি হয়েছে।
মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, পুজো শেষ হওয়ার পরই তোরণ খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, যাঁরা সেই নির্দেশ মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শহরের ব্যস্ত রাস্তায় একের পর এক তোরণ কত দ্রুত সরানো হয়, এখন সেদিকেই নজর বাসিন্দাদের। নিরাপত্তার পাশাপাশি স্বাভাবিক যান চলাচল ফেরাতে পুরসভার দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।


