E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, বাংলায় কতটা প্রভাব?

৩ নভেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশের পূর্বাভাস, ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া; পশ্চিমবঙ্গে আপাতত বড় প্রভাবের আশঙ্কা কম
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’

কলকাতা:বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর রেশ কাটতে না কাটতেই নতুন করে শক্তি সঞ্চয় করছে আরও একটি সামুদ্রিক ঘূর্ণাবর্ত। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর সম্ভাব্য গন্তব্য দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। আগামী ৩ নভেম্বর সকালে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে ‘মুরাসু’। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।

তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা আপাতত কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আকাশে আংশিক মেঘলা ভাব থাকতে পারে। দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গেও কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকে শুষ্ক আবহাওয়া ফিরে আসার পূর্বাভাস।

আবহাওয়া দপ্তরের ১ নভেম্বরের জাতীয় বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ১ নভেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ সেটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। পরবর্তী ছ’ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে এবং ২ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরপর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে ৩ নভেম্বর সকালে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঝড়। উপকূলে আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে স্থায়ী হাওয়া এবং সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূল নিয়ে আপাতত বড় কোনও সতর্কতা নেই। তবে ঝড়ের প্রভাবে সমুদ্রের পরিস্থিতি বদলাতে পারে। আবহাওয়া দপ্তরের বুলেটিনে ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন অংশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় ওই এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য সতর্কতা না থাকলেও সামুদ্রিক পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।

‘মুরাসু’ নামটির উৎস তামিল ভাষা। এটি তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এক ধরনের ঢাক বা বাদ্যযন্ত্রের নাম। ভারতের প্রস্তাবিত এই নামটি ঘূর্ণিঝড়ের নামকরণের আঞ্চলিক তালিকায় রয়েছে। নামটির অর্থের সঙ্গে জড়িয়ে রয়েছে যুদ্ধের আহ্বান বা গুরুত্বপূর্ণ বার্তা প্রচারের ঐতিহ্য।

পরপর দু’টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় বঙ্গোপসাগর ও পূর্ব উপকূলের আবহাওয়ার দিকে নজর রয়েছে। তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ‘মুরাসু’র মূল প্রভাব পড়ার কথা অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের ঝড়ের আশঙ্কা এখনই দেখছে না আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss