
কোচবিহার: ট্রাক চলাচলের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। ট্রাকসহ সেতু ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার মাথাভাঙা-২ ব্লকের উনিশবিসা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকায়।



জানা গিয়েছে, সেতুটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরেই সেতুর অবস্থা নড়বড়ে হয়ে পড়েছিল বলে স্থানীয় সূত্রে খবর।
এদিন সকালে সেতুর উপর দিয়ে একটি বড় ট্রাক যাওয়ার সময় আচমকাই সেতুটি ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রাকসহ সেতুর একটি বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেতুটি ভেঙে পড়ায় চরম সমস্যার মুখে পড়েছেন খড়িকাবাড়ি এলাকার বাসিন্দারা। গ্রামের মানুষের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সেতুটি কেন সংস্কার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত সেতু সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


