
নদিয়া: পারিবারিক অশান্তির জেরে সাতসকালে স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন সংলগ্ন এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত স্বামী সমীর মজুমদার তাঁর ছেলে বাবুসোনাকে মাকে ডেকে আনতে বলেন। বাবার কথামতো ছেলে মাকে বাড়িতে নিয়ে আসে। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই স্ত্রী সুমিত্রা মজুমদারকে বটি দিয়ে গলা কেটে খুন করেন সমীর।
এর কিছুক্ষণ পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে স্টেশনের দিকে যাওয়ার সময় সমীরের গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত নিজেই স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এরপর প্রতিবেশীরা তাঁর বাড়িতে গিয়ে মাটির মেঝেতে সুমিত্রা মজুমদারের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সমীর মজুমদারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী কারণে এই খুনের ঘটনা ঘটল, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কোনও পারিবারিক বিবাদ চলছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সাতসকালে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


