
ইটাহার: বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট পল্লবী। সেই সময় আচমকাই পোষা গোরুর ধাক্কায় ভারসাম্য হারিয়ে গরম ভাতের ফ্যানভর্তি গামলায় পড়ে যায় সে। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও দগ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না সাড়ে চার বছরের শিশুকন্যাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের সানদিয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাড়ির উঠোনে খেলছিল পল্লবী হাঁসদা। সেই সময় উঠোনে থাকা পোষা গোরুর ধাক্কায় সে নিয়ন্ত্রণ হারিয়ে গরম ভাতের ফ্যান রাখা একটি গামলার মধ্যে পড়ে যায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শুক্রবার মৃত্যু হয় পল্লবীর।
মৃত শিশুর বাবা তপন হাঁসদা পেশায় দিনমজুর। পরিবারের ছোট্ট মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিজনেরা। আচমকা এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সানদিয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


