
নিজস্ব প্রতিনিধি: ১৭০ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না। মিরপুর টেস্টে বড় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিংয়ের ফিফটিতে ৮ উইকেটে জিতেছে তারা।
এই উইকেটেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়েছিল। ওই অবস্থায় টাইগারদের জয়ের সম্ভাবনা বেশি মনে করাই স্বাভাবিক, অন্তত হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যম্ভাবীই। মিরপুরের স্পিনবান্ধব উইকেটে চতুর্থ দিনে ১৭০ রান করা তো আর সোজা কথা নয়। কিন্তু বাংলাদেশের তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান একটি উইকেটও নিতে পারেননি।
মিরাজ প্রথম ওভারে কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত উইকেটের দেখা পাননি। উইন্ডিজের প্রথম জুটি ভাঙতে হয়েছে পেসার শরিফুল ইসলামকে, ততক্ষণে ব্রান্ডন কিং ও জন ক্যাম্পবেলের জুটি পেরিয়ে যায় ১১০ রানের বৈতরণী। ওয়ানডে মেজাজে ব্যাট করা ক্যাম্পবেল হাফসেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে আউট হন।
বাংলাদেশের পরের শিকারটিও পেসারের হাত ধরে, ত্যাজনারায়ণ চন্দরপল ১ রান করে হাসান মাহমুদের শিকার হন। শেষদিকে কাভেম হজ ৩১ রান করে হাফসেঞ্চুরিয়ান কিংকে সঙ্গ দেন। কিং শেষ পর্যন্ত ৮১ রান করে অপরাজিত থাকেন। কিংয়ের ইনিংসে বাংলাদেশও একভাবে অবদান রেখেছে, একবার তার ক্যাচ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত, আরেকবার ইবাদত হোসেন।
শেষটা বাজে হলেও দুদলের প্রথম ইনিংসের পর বাংলাদেশ ২৭ রানের লিড পেয়েছিল। শুরুতে ২৭২ রান করে দ্বিতীয় ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান নাঈম হাসানের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেয় ২৪৫ রানে। কিন্তু শেষটা তারা রাঙাতে পারল না।


