
মালদা: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যুবসমাজকে সুস্থ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতেও এবার মাঠে নামল পুলিশ। মাদকাসক্তি এবং মোবাইলের প্রতি অতিরিক্ত নির্ভরতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ফুটবলকে হাতিয়ার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। সেই লক্ষ্যেই চারটি গ্রাম পঞ্চায়েতের দলকে নিয়ে আয়োজন করা হল ফুটবল প্রতিযোগিতা।
মোথাবাড়ি হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় রথবাড়ি, পঞ্চানন্দপুর, মোথাবাড়ি এবং উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিত্বকারী ফুটবল দলগুলি। প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। মাঠে একে অপরকে টেক্কা দিতে প্রতিটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পঞ্চানন্দপুর ফুটবল ক্লাব। রানার্সআপ হয় উত্তর লক্ষ্মীপুর ফুটবল ক্লাব।
জয়ী দলের খেলোয়াড় জ্যোতির্ময়ের কথায়, বর্তমানে ছোট-বড় নির্বিশেষে অনেকেই মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। এই প্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের উদ্যোগে অংশ নিতে পেরে তিনি খুশি। প্রতিযোগিতায় জয় পাওয়ায় সেই আনন্দ আরও বেড়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, পুলিশের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন রানার্সআপ দলের খেলোয়াড় ইব্রাহিম শেখ। তাঁর আশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে অনেকেই নেশার পথ থেকে সরে এসে খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন। পাশাপাশি অপরাধমূলক কাজকর্মও কমতে পারে।
খেলা শেষে মোথাবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে শুধু প্রতিযোগিতার আয়োজনই নয়, খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলার বার্তাও উঠে এল।


