
গুয়াহাটি: ভোটচুরির অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ভোট কারচুপির কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে না এনে কেবল অনুভূতির ভিত্তিতে অভিযোগ তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশের আগে অসমের গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা এবং দেশের অর্থনীতির ক্ষতি করার অভিযোগও তোলেন তিনি।
সুকান্তর বক্তব্য, বিরোধীরা এক দিকে ভোট চুরির অভিযোগ তুলে সমাবেশের আয়োজন করছে, অন্য দিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে রাহুল গান্ধীর কাছে সেই অভিযোগের প্রমাণ জানতে চাওয়া হলে তিনি নাকি শুধু নিজের অনুভূতির কথা বলছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, প্রমাণের পরিবর্তে ‘মনে হচ্ছে’ বলে অভিযোগ তোলা গণতান্ত্রিক পরিবেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা।
বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুকান্তর অভিযোগ, এই ধরনের কর্মসূচির মাধ্যমে বিরোধীরা ক্ষমতার পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর বিরূপ প্রভাব পড়তে পারে।
দীপাবলির সময় দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেন ও বাণিজ্যিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, এক দিকে বিরোধীরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, অন্য দিকে তাদের কর্মসূচি অর্থনীতির উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে।
উল্লেখ্য, ভোটার তালিকা ও ভোট কারচুপির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে ১ নভেম্বর ইন্ডিয়া জোটের প্রস্তাবিত সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


