
শিলিগুড়ি: সাইবার প্রতারণার মামলায় বড়সড় পদক্ষেপ শিলিগুড়ি পুলিশের।
‘অপারেশন সাইবার প্রহার’-এর অধীনে অভিযান চালিয়ে একটি বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।
ধৃতের নাম অনির্বাণ সিকদার (৩৬)। শিলিগুড়ির বর্ধমান রোডের অবস্থিত ওই ব্যাঙ্কের শাখায় ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। এর আগে সে ব্যাঙ্কের সেভক রোড শাখায় কর্মরত ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক সাইবার প্রতারণার লেনদেন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ প্রধাননগর থানার পুলিশ অভিযান চালায়। সেই অভিযানের জেরেই গ্রেফতার করা হয় অনির্বাণ সিকদারকে।
তদন্তে উঠে এসেছে, এই সাইবার প্রতারণার মামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন ৯১ লক্ষ ২১ হাজার ৮০৮ টাকা জমা পড়েছিল মনীষা মণ্ডল নামে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
উল্লেখ্য, এই মামলায় মনীষা মণ্ডলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
ঠিক কীভাবে এই বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে ও এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শিলিগুড়ি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনও চলছে। সাইবার প্রতারণার এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সন্ধানেও তদন্ত চালানো হচ্ছে।


