
শ্রীহরিকোটা: ভারতের মহাকাশ গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা NavIC-কে আরও শক্তিশালী করার লক্ষ্যে NVS-03 স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)

শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F18 রকেটের মাধ্যমে স্যাটেলাইটটির উৎক্ষেপণ করা হয়।
প্রায় ২,২৩২ কেজি ওজনের এই স্যাটেলাইটটি ভারতের দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজের অন্তর্গত।
উন্নত প্রযুক্তিতে তৈরি NVS-03 স্যাটেলাইটের মাধ্যমে অবস্থান নির্ণয়ের নির্ভুলতা, নির্ভরযোগ্যতা ও সময় সংক্রান্ত পরিষেবা আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাটমিক ক্লক সহ L1, L5 ও S-band নেভিগেশন সিগন্যাল ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, NavIC হল ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা। দেশের পাশাপাশি সীমান্তের প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এই ব্যবস্থা পরিষেবা প্রদান করতে সক্ষম।
পরিবহণ, সামুদ্রিক কার্যকলাপ, দুর্যোগ মোকাবিলা, টেলিকমিউনিকেশন ও প্রতিরক্ষা ক্ষেত্রেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিদেশি নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে NVS-03-এর উৎক্ষেপণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি ভারতের GSLV কর্মসূচির ২০তম উড়ান।


