
নেপাল: এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেকিং রুটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে গেল নেপালের ডিংবোচে এলাকার ঐতিহ্যবাহী ‘হোটেল গুড লাক’।
শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, হোটেলে আগুন লাগার নেপথ্যে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন অংশে। বিধ্বংসী আগুনের গ্রাসে হোটেলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে স্বস্তির খবর, হোটেলে থাকা অতিথি ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার জনপ্রিয় ট্রেকিং রুটে অবস্থিত এই হোটেলটি দীর্ঘদিন ধরেই পর্যটক ও পর্বতারোহীদের কাছে পরিচিত। ঐতিহ্যবাহী এই হোটেল আগুনে পুড়ে যাওয়ায় পর্যটন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
কীভাবে আগুন লাগল ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।


