
শিলিগুড়ি: পাকিস্তানে বসবাসকারী এক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জওয়ানের নাম রাজবীর। শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতারের পর পাঞ্জাবে নিয়ে গিয়েছে পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের ওই মহিলার সঙ্গে পরিচয় হয় রাজবীরের। এরপর ধীরে ধীরে দু’জনের মধ্যে কথোপকথন বাড়তে থাকে।
বিষয়টি সামনে আসার পর সেনাবাহিনীর তরফে তদন্ত শুরু করা হয়। পরবর্তীতে রাজবীরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, শুক্রবার রাজবীরকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। পাকিস্তানি ওই মহিলার সঙ্গে রাজবীরের যোগাযোগের প্রকৃতি কী ছিল, কথোপকথনের সময় কোনও গোপন বা সংবেদনশীল সামরিক তথ্য আদানপ্রদান হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


