
নদিয়া: আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মায়াপুরে রাস্তার ধারে সরকারে জায়গা দখল করে থাকা বিভিন্ন হোটেলে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের একটি দল। এদিন পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন হোটেলে হানা দিয়ে বেশিরভাগ হোটেল গুলোতেই অস্বাস্থ্যকর পরিবেশের ছবি ধরা পড়ে। একই সাথে বেশিরভাগ হোটেলের কোনরকম সরকারি বৈধ লাইসেন্স নেই বলেও জানা গেছে। এদিন যে সমস্ত হোটেলের মালিক বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেনি সেই সমস্ত হোটেল গুলোকে বন্ধ করে দেওয়া হয়। হোটেল এবং হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিস্থিতির জন্য বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিকদের নোটিশ ধরানো হয় খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। ইসকনের আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুরে প্রতিদিন হাজার হাজারে পর্যটক আসে মায়াপুর ভ্রমণে। রাস্তার ধারে গজিয়ে ওঠা হোটেল গুলোতে প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে। সাধারণ পর্যটকদের কথা মাথায় রেখে খাবারের গুণগতমান পরীক্ষা সহ বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয় খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। যে সমস্ত হোটেলে ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাদের সরকারি আইনানুগ অনুসারে নোটিশ দেওয়া হয়। এইরকম অভিযান আগামী দিনেও চলবে বলে জানান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।


