
মুম্বই: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ সংক্রান্ত সিদ্ধান্তের আগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা। তার প্রভাব পড়ল বুধবারের ভারতীয় শেয়ারবাজারে। তথ্যপ্রযুক্তি সংস্থা ও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বিক্রির চাপের জেরে ৩৫২ পয়েন্টের বেশি পড়ে বন্ধ হল সেনসেক্স। নিফটিও নেমে এল ২২,৭০০-র নীচে। তবে দুর্বল বাজারের মধ্যেই নজর কাড়ল জিও প্ল্যাটফর্মস। শেয়ারবাজারে প্রথম দিনেই সংস্থাটির শেয়ারের দর ইস্যুমূল্যের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেড়ে গেল।
বুধবার লেনদেনের শুরু থেকেই নিম্নমুখী ছিল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) ৩০ শেয়ারের সেনসেক্স। সকালের দিকে একপর্যায়ে সূচকটি ৯৯৫ পয়েন্ট নেমে ৭২,৬০৩.৫৭-তে পৌঁছয়। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও দিনের ক্ষতি পুরোপুরি সামাল দিতে পারেনি বাজার। শেষ পর্যন্ত ৩৫২.৬৪ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমে সেনসেক্সের অবস্থান দাঁড়ায় ৭৩,২৪৬.০৩-এ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ৫০ শেয়ারের নিফটি ৫০.৯০ পয়েন্ট বা ০.২২ শতাংশ হারিয়ে বন্ধ হয়েছে ২২,৬৯৮.৮৫-তে।
বড় সংস্থার শেয়ারে বিক্রির প্রবণতা বাজারের উপর চাপ তৈরি করে। সেনসেক্সের তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৩.৪৬ শতাংশ পড়েছে। ইনফোসিসের দর কমেছে ৩.৩৪ শতাংশ, টেক মহিন্দ্রার ১.৮৩ শতাংশ এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের ১.৬৮ শতাংশ। ভারতী এয়ারটেল ও টাটা স্টিলের শেয়ারও যথাক্রমে ১.৪২ ও ১.৩৭ শতাংশ নেমেছে। বিএসইর বিভিন্ন ক্ষেত্রভিত্তিক সূচকের মধ্যে এনার্জি, তেল ও গ্যাস এবং তথ্যপ্রযুক্তি বিভাগে উল্লেখযোগ্য পতন দেখা যায়।
তবে বড় সংস্থার শেয়ারে দুর্বলতার বিপরীতে কিছুটা শক্তি দেখিয়েছে মধ্যম ও ক্ষুদ্র সংস্থার শেয়ার। বিএসই স্মলক্যাপ সিলেক্ট সূচক ০.৮৫ শতাংশ এবং মিডক্যাপ সিলেক্ট সূচক ০.৬৬ শতাংশ বেড়েছে। বড় সংস্থার তালিকায় লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ার প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থাটির একত্রিত নিট মুনাফা ৩২.৫ শতাংশ বেড়ে ৫,২০২.১০ কোটি টাকা হয়েছে। আয় বৃদ্ধির জেরেই এই মুনাফা বৃদ্ধির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ট্রেন্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্টারগ্লোব এভিয়েশনের শেয়ারেও কেনাকাটা দেখা গিয়েছে।
দিনের লেনদেনে সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি ছিল জিও প্ল্যাটফর্মসের শেয়ার বাজারে আত্মপ্রকাশ। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ ডিজিটাল পরিষেবা সংস্থাটির শেয়ার ১,১১৯ টাকার ইস্যুমূল্যের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি দামে লেনদেন শেষ করে। এর ফলে সংস্থাটির বাজারমূল্য ১৩ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। বাজারমূল্যের নিরিখে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের পর দেশের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান সংস্থা হিসেবে উঠে আসে জিও প্ল্যাটফর্মস। একদিকে মূল সংস্থা রিলায়্যান্সের শেয়ারে পতন, অন্যদিকে জিওর বিপুল উত্থান—বাজারে এই বৈপরীত্যও বিশেষ নজর কেড়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪.৫ ডলারে পৌঁছয়। জ্বালানির দামের এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারণী সিদ্ধান্তের আগেও বড় ঝুঁকি নিতে চাননি অনেকে। এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কোস্পি, জাপানের নিক্কেই ২২৫, সাংহাই কম্পোজিট ও হংকংয়ের হ্যাং সেং সূচক ঊর্ধ্বমুখী থাকলেও ইউরোপের বাজারে লেনদেনের সময় পতনের প্রবণতা ছিল। এর আগে মঙ্গলবার সেনসেক্স ৮.০৮ পয়েন্ট এবং নিফটি ৩.৪৫ পয়েন্ট কমে বন্ধ হয়েছিল।
এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৪,২৪০.৩৯ কোটি টাকার শেয়ার কিনেছিলেন। তা সত্ত্বেও বুধবারের লেনদেনে বাজারের প্রধান সূচকগুলিকে টেনে তুলতে পারেনি সেই কেনাকাটা। তেলের দাম, আন্তর্জাতিক আর্থিক পরিস্থিতি এবং বড় সংস্থার শেয়ারের গতিপ্রকৃতিই আপাতত বিনিয়োগকারীদের নজরে রয়েছে।


