
নয়া দিল্লি : সমবায় আন্দোলনকে গ্রামীণ অর্থনীতির আরও শক্তিশালী ভিত্তি করে তুলতে জাতীয় সমবায় উন্নয়ন নিগমের (এনসিডিসি) আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এনসিডিসির ৯৩তম মহাপরিষদের বৈঠকে সভাপতিত্ব করে তিনি বলেন, সমবায় ক্ষেত্রের প্রশাসন ও পরিচালনায় পেশাদারিত্ব আনতে হবে, তবে তার মূল দৃষ্টিভঙ্গি থাকতে হবে সমবায়ের মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। বৈঠকের পর সমাজমাধ্যমে নিজের বক্তব্যের কিছু দিক তুলে ধরেন শাহ।

সৌজন্যে : X
দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনসিডিসির উপস্থিতিকে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সাফল্য হিসেবে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই বিস্তারের সুফল এখন ছোট কৃষক, পশুপালক, মৎস্যজীবী এবং গ্রামীণ মহিলাদের কাছে পৌঁছচ্ছে। লাদাখ ও উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলির মতো প্রত্যন্ত অঞ্চলেও সংস্থার দফতর সম্প্রসারণের ফলে সমবায় আন্দোলনকে দেশের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে শুধু ভৌগোলিক বিস্তারেই সন্তুষ্ট না থেকে সংস্থার আর্থিক সক্ষমতা, কাজের পদ্ধতি এবং ভবিষ্যৎ প্রকল্পের ক্ষেত্রেও নতুন দিশা খুঁজতে হবে বলে মত শাহের।
বৈঠকে এনসিডিসির আর্থিক ও সাংগঠনিক অগ্রগতির পর্যালোচনা হয়। সমবায় মন্ত্রক প্রতিষ্ঠার পর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানকে ৪.১৪ লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দিয়েছে সংস্থাটি। ২০২৫-২৬ অর্থবর্ষে সহায়তার পরিমাণ ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫৯৬ কোটি টাকা। ওই বছরে নিট মুনাফা হয়েছে ১ হাজার ৪৭৫ কোটি টাকা। ঋণ আদায়ের হার ৯৯.৮৪ শতাংশ এবং নিট অনাদায়ী সম্পদের অনুপাত শূন্য বলে বৈঠকে জানানো হয়েছে। একই অর্থবর্ষে ১ লক্ষ ৫৫ হাজার ৪০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছিল, যার মাধ্যমে ১৪ হাজার ৮৮১টি সমবায় সমিতির উপকৃত হওয়ার কথা।
এনসিডিসির ভবিষ্যৎ পরিকল্পনায় উত্তর-পূর্ব ভারতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন শাহ। ২০৩০ সালের মধ্যে পশুপালন, দুগ্ধশিল্প এবং মৎস্যচাষের ক্ষেত্রে ওই অঞ্চলকে স্বনির্ভর করে তুলতে সমবায়ভিত্তিক প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই ক্ষেত্রগুলিতে স্বনির্ভরতা এলে উত্তর-পূর্বের অর্থনীতিতে প্রায় ৩২ হাজার ৮০০ কোটি টাকার সংযোজন হতে পারে এবং প্রায় আট লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এ জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে বাস্তবসম্মত প্রকল্প তৈরি এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
ঋণ সহায়তার পরিধি বাড়াতে নাবার্ড, রাজ্য সমবায় ব্যাঙ্ক এবং বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঙ্গে যৌথ অর্থায়নের মডেল তৈরির প্রস্তাবও দিয়েছেন শাহ। বিশেষ করে দুগ্ধ সমবায়গুলির আর্থিক চাহিদা মেটাতে নতুন ঋণ কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি, আর্থিক সহায়তা বিতরণের লক্ষ্যমাত্রাও আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ১.৭০ লক্ষ কোটি, ২০২৭-২৮ অর্থবর্ষে ২.১০ লক্ষ কোটি এবং ২০২৮-২৯ অর্থবর্ষে ২.৫০ লক্ষ কোটি টাকা সহায়তা বিতরণের লক্ষ্যে এগোতে হবে। ২০২৯-৩০ ও ২০৩০-৩১ অর্থবর্ষে বার্ষিক সহায়তার পরিমাণ প্রায় ৩.৫০ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
সমবায়ভিত্তিক নতুন প্রতিষ্ঠান গঠন এবং পুরনো সমবায়গুলির ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর উপরেও জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। জাতীয় সমবায় রপ্তানি লিমিটেড, ভারতীয় বীজ সমবায় সমিতি, জাতীয় সমবায় জৈব লিমিটেড, ভারত ট্যাক্সি এবং শহর সমবায় ব্যাঙ্কগুলির শীর্ষ সংগঠন এনইউসিএফডিসির মতো উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি এনসিডিসির ভূমিকার প্রশংসা করেন। সমবায় চিনিকলগুলির জন্য বর্জ্য ও উপজাত পণ্যকে কাজে লাগিয়ে চক্রাকার অর্থনীতিভিত্তিক লাভজনক ব্যবসায়িক মডেল তৈরির পরামর্শ দেন। ‘সহকার মিত্র’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সম্পূর্ণ করা তরুণদের নতুন বহুরাজ্যিক সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার কথাও বলেন তিনি।
বৈঠকে এনসিডিসি সংশোধনী আইন, ২০২৬ এবং ‘সহকার নবাচার যোজনা’ নিয়েও আলোচনা হয়। এই প্রকল্পে যোগ্য সমবায় সমিতিকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত শতভাগ অনুদান দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত পাঁচটি সমিতিকে মোট ৮৫ লক্ষ টাকা অনুদান অনুমোদন করা হয়েছে। এ ছাড়া সমবায় ক্ষেত্রে ১,৮৬৩টি কৃষক উৎপাদক সংস্থা বা এফপিও নথিভুক্ত করেছে এনসিডিসি। শাহের বক্তব্য, আগামী দিনে পেশাদার পরিচালনা, আর্থিক সক্ষমতা এবং নতুন অংশীদারিত্বের মাধ্যমে সমবায় ক্ষেত্রকে গ্রামীণ সমৃদ্ধি ও কর্মসংস্থানের আরও কার্যকর মাধ্যম করে তুলতে হবে।


