
বেঙ্গালুরু:কর্ণাটকে এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন রাজ্যের মন্ত্রী রিজওয়ান আরশাদ। তাঁর দাবি, ছ’মাস ধরে প্রায় ৬৫ হাজার ৬০০ সরকারি কর্মীকে নিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চালানোর পর ৪.৫৫ কোটি ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। অথচ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় চিহ্নিত বিদেশি নাগরিকের সংখ্যা মাত্র ৭৭১। এই পরিসংখ্যান সামনে রেখে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বেঙ্গালুরুতে এসআইআর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আরশাদ জানান, এই কাজে যুক্ত ছিলেন প্রায় ৬০ হাজার বুথ লেভেল অফিসার (বিএলও)। তাঁদের অধিকাংশই সরকারি স্কুলের শিক্ষক। দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক সরকারি কর্মীকে কাজে লাগিয়ে ভোটার তালিকা সংশোধনের পর যে তথ্য সামনে এসেছে, তা নিয়ে তাঁর প্রশ্ন—অনুপ্রবেশকারীদের উপস্থিতির যে অভিযোগ বারবার তোলা হয়েছিল, তার বাস্তব ভিত্তি কতটা?
কর্ণাটকের মন্ত্রীর বক্তব্য, এসআইআর শুরু হওয়ার আগে এবং দেশের বিভিন্ন জায়গায় এই প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের উপস্থিতির অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি, সেই বক্তব্যে মূলত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম থাকার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কর্ণাটকের আরেক নেতা এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলার কথা উল্লেখ করেন আরশাদ।
কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যানের কথা তুলে ধরে মন্ত্রীর দাবি, কর্ণাটকের ভোটার তালিকায় মোট ৭৭১ জন বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮৮ জন নেপালের নাগরিক। বাকি ১৮৩ জন কর্ণাটকের বাসিন্দা, যাঁরা আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ অথবা অন্যত্র নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে তাঁর বক্তব্য। আরশাদের দাবি, তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী, চিহ্নিতদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা তিনের বেশি নয়।
এই পরিসংখ্যানকে সামনে রেখেই এসআইআর-এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, মাত্র কয়েক জনকে চিহ্নিত করার জন্য রাজ্যের প্রায় পাঁচ কোটি মানুষকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। নোটবন্দির প্রসঙ্গ টেনে আরশাদ বলেন, কালো টাকা উদ্ধারের যুক্তিতে যেভাবে দেশের বিপুল সংখ্যক মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছিল, এসআইআর-এর ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের কাছে প্রকাশ্যে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন কর্ণাটকের মন্ত্রী। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ায় মোট কত জন অনুপ্রবেশকারী, কত জন বাংলাদেশি এবং কত জন বিদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে, তা স্পষ্টভাবে জানানো উচিত। আরশাদের অভিযোগ, এসআইআর-এর ফলে সাধারণ মানুষকে অকারণে হয়রানি ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।


