
ফুলিয়া, নদিয়া: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ঐতিহ্য মেনে এবারও ফুলিয়া মেলায় পুজো হবে মা ঝংকারের। ৫৭তম বর্ষে পদার্পণ করেছে ঝংকারের পুজো। আর এই বিশেষ বর্ষকে স্মরণীয় করে তুলতে একাধিক আকর্ষণের পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, এবারের আয়োজনে থাকছে বিশেষ চমক, যা দর্শনার্থীদের নজর কাড়বে।
প্রতিবছরের মতো এবারও সমস্ত রীতিনীতি ও নিয়ম মেনেই পুজিত হবেন মা ঝংকার। বিগত বছরগুলিতে মণ্ডপেই পুজোর আয়োজন করা হতো। তবে গত বছর থেকে শুরু হয়েছে ঝংকারের নিজস্ব মন্দির নির্মাণের কাজ। সেই নির্মাণকাজ অনেকটাই এগিয়েছে। যদিও এখনও মন্দির তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় এবছরও ঝংকারের নির্দিষ্ট আসনে প্যান্ডেল তৈরি করে পুজোর আয়োজন করা হবে।
এবারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে শোভাযাত্রা। উদ্যোক্তারা জানিয়েছেন, শোভাযাত্রার মাধ্যমে মা ঝংকারকে নিয়ে যাওয়া হবে ফুলিয়া রঙ্গমঞ্চের মাঠে, অর্থাৎ মেলা প্রাঙ্গণে। এই শোভাযাত্রায় থাকছে বিশেষ আকর্ষণ। তবে সেই চমক সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না উদ্যোক্তারা।
সব মিলিয়ে ৫৭তম বর্ষের মা ঝংকারের পুজোকে ঘিরে ফুলিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন আয়োজনের মধ্য দিয়ে এবারের উৎসব দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের।


