
বারাসাত: নিষিদ্ধ মাঞ্জা সুতোর ফাঁদে আটকে পড়েছিল একটি পেঁচা। বারাসাত থানার সামনের একটি আমগাছে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সুতোর বাঁধনে পেঁচাটির ডানা ও শরীর এমনভাবে জড়িয়ে যায় যে, সেটি নিজে থেকে নড়াচড়া করতে পারছিল না।
পাখিটির ছটফটানি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বারাসাত থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে উদ্যোগী হয় বারাসাত থানার পুলিশ। বিদ্যুৎ দফতর, দমকল ও বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তিনটি দফতরের কর্মীরাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
আমগাছটির পাশ দিয়ে বিদ্যুতের তার থাকায় নিরাপত্তার স্বার্থে প্রথমে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
এরপর দমকলের মই ও বিশেষ সরঞ্জামের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। বন দফতরের কর্মীদের তৎপরতা ও দীর্ঘ প্রচেষ্টার পর পেঁচাটিকে মাঞ্জা সুতো থেকে মুক্ত করা সম্ভব হয়। অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ার পর পেঁচাটি আবার ডানা মেলে উড়ে যায়।
পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতর ও বন দফতরের যৌথ তৎপরতায় একটি নিরীহ পাখির প্রাণ রক্ষা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনা ফের মনে করিয়ে দিল, ঘুড়ির মাঞ্জা সুতো শুধু মানুষেরই নয়, পাখিদের জীবনেও বিপদ ডেকে আনতে পারে।


