
মুম্বই: প্রায় পাঁচ দশক আগে সাধারণ ভারতীয়ের সঞ্চয়কে পুঁজিবাজারের মাধ্যমে শিল্পোন্নয়নের অংশীদার করার যে স্বপ্ন দেখেছিলেন ধীরুভাই আম্বানি, তারই এক নতুন অধ্যায়ের সূচনা হল বুধবার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) তালিকাভুক্ত হল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল পরিষেবা সংস্থা জিও প্ল্যাটফর্মস লিমিটেড। শেয়ারবাজারে সংস্থাটির আত্মপ্রকাশ ঘিরে রিলায়্যান্স গোষ্ঠীর অন্দরমহলে যেমন ছিল উৎসবের আবহ, তেমনই তালিকাভুক্তির মঞ্চে উঠে এল সংস্থার অতীত যাত্রা, বিনিয়োগকারীদের আস্থা এবং আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য।
তালিকাভুক্তির অনুষ্ঠানে জিও প্ল্যাটফর্মসের শেয়ার প্রতি ১,৩৫৮ টাকায় বাজারে আত্মপ্রকাশ করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আশিস চৌহান এই উপলক্ষে জিওকে স্বাগত জানান। তাঁর কথায়, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের তালিকাভুক্ত হওয়া দ্বাদশ সংস্থা জিও প্ল্যাটফর্মস। ভারতের অর্থনৈতিক অগ্রগতির কাহিনিতে এনএসই এবং জিও—দু’টিই গুরুত্বপূর্ণ স্তম্ভের প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত তৈরি হয় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিকে ঘিরে। জিওর যাত্রা এবং সংস্থার ভিত গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত ধীরুভাই আম্বানির অবদানের কথা স্মরণ করেন রিলায়্যান্সের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। দাদুর দূরদর্শিতা এবং জিওর মাধ্যমে দেশের ডিজিটাল ক্ষমতায়নের প্রসঙ্গ উঠে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন মুকেশ আম্বানি। অনুষ্ঠানে মুকেশ আম্বানিকে সম্মান জানান তাঁর কন্যা এবং রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর ঈশা আম্বানি।
অনন্ত আম্বানি বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতার কথা তুলে ধরেন। জিওর উপর আস্থা রেখে সংস্থাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ গ্রাহক ও সমর্থককে ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, এক্সচেঞ্জের ঘণ্টাধ্বনি তাঁর কাছে মন্দিরের ঘণ্টার মতো। কারণ, তাঁর কাছে ব্যবসা এক ধরনের উপাসনা; আর প্রতিটি উপাসনার শেষে যেমন প্রসাদ বিতরণ করা হয়, তেমনই সাফল্যের ভাগীদারও সকলকে করা উচিত।
তবে অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলির একটি আসে ঈশা আম্বানির ভাষণে। তিনি জিওর তালিকাভুক্তিকে শুধুমাত্র একটি সংস্থার শেয়ারবাজারে প্রবেশ হিসেবে দেখেননি। বরং রিলায়্যান্সের প্রায় ৫০ বছরের পুঁজিবাজার-যাত্রার সঙ্গে এর ঐতিহাসিক যোগসূত্র তুলে ধরেন।
ঈশা জানান, কয়েক দিন আগে রাতের খাবারের টেবিলে মুকেশ আম্বানি ১৯৭৭ সালের স্মৃতি রোমন্থন করছিলেন। তখন তাঁর বয়স মাত্র ২০ বছর। সেই সময় রিলায়্যান্সের প্রথম পাবলিক অফারিং বা গণ-শেয়ার ইস্যুর কাজে যুক্ত ছিলেন তিনি। ধীরুভাই আম্বানি তখন সংস্থার মালিকানা কেবল কয়েক জন ধনী বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই প্রথম পাবলিক অফারিংয়ের মাধ্যমে ২.৮২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল, সংস্থার মূল্যায়ন ছিল ১০ কোটি টাকা।
ঈশার বক্তব্যে উঠে আসে ধীরুভাইয়ের সেই ভাবনার মূল দর্শন—দেশের প্রতিটি সাধারণ পরিবার, তাদের আর্থিক অবস্থান যা-ই হোক না কেন, ভারতের উন্নয়নের অংশীদার হওয়ার সুযোগ পাবে। তাঁরা শুধু দর্শক হয়ে থাকবেন না, বরং দেশের শিল্প ও ব্যবসার মালিকানায় অংশ নেবেন। সেই বিশ্বাস থেকেই সাধারণ মানুষের কাছে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই। বহু পরিবার নিজেদের সঞ্চয় এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সেই আহ্বানে সাড়া দিয়েছিল।
প্রায় ৫০ বছর পর সেই আস্থার বৃত্ত আবার পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন ঈশা। তাঁর কথায়, এক সময় ধীরুভাই নিজের স্বপ্ন সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছিলেন। আজ বিনিয়োগকারীরা তাঁদের ভবিষ্যতের একটি অংশ রিলায়্যান্সের হাতে তুলে দিয়েছেন। সেই বিশ্বাসকে কৃতজ্ঞতা, বিনয় এবং দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করার কথা জানান তিনি। বিনিয়োগকারীদের উদ্দেশে তাঁর আশ্বাস, তাঁদের আস্থা সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করা হবে।
জিওর ব্যবসায়িক দর্শন ব্যাখ্যা করতে গিয়ে ঈশা বলেন, গ্রাহকের জন্য প্রকৃত মূল্য তৈরি করাই মুকেশ আম্বানির প্রথম নীতি। শক্তিশালী আয় ও ব্যবসায়িক সাফল্য তার পরিণতি হিসেবে আসে। এই নীতিকেই সংস্থার ধর্ম বলে উল্লেখ করেন তিনি।
ঈশার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে জিওর আয় প্রায় ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং প্রকৃত উপার্জন প্রায় ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মাত্র ১০ বছরের সংস্থার পক্ষে এই সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য বলে দাবি করেন তিনি। তবে সংখ্যার পিছনে থাকা গ্রাহকদের অবদানকেই বেশি গুরুত্ব দেন ঈশা। তাঁর কথায়, প্রতিটি সংখ্যার পিছনে রয়েছেন একজন করে গ্রাহক। তাঁদের ঘর, দোকান, শ্রেণিকক্ষ এবং দৈনন্দিন জীবনে জিওকে জায়গা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গ্রাহক ও বিনিয়োগকারীদের পাশাপাশি জিওর কর্মীদের অবদানও স্মরণ করেন ঈশা। ভাই আকাশ আম্বানির দীর্ঘ কর্মজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৩ বছর ধরে এই যাত্রায় আকাশের নিষ্ঠা ও পরিশ্রম তাঁকে গর্বিত করেছে। জিওর কর্মীদের সংস্থার প্রথম শিক্ষক বলে অভিহিত করেন তিনি। তাঁদের বিশ্বাস, পরিশ্রম ও দায়বদ্ধতাই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে বলে জানান ঈশা। পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে মা নীতা আম্বানির শক্তি ও সংযমকে পরিবারের পাশাপাশি রিলায়্যান্স পরিবারের ভিত হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের শেষ পর্বে মুকেশ আম্বানির নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেন ঈশা। তাঁর মতে, বহুবার মুকেশ এমন ভবিষ্যৎ দেখতে পেয়েছেন, যা অন্যরা তখনও কল্পনা করতে পারেননি। যেসব উদ্যোগকে একসময় অসম্ভব বলে মনে করা হয়েছিল, সেগুলিকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন তিনি। তাঁর সেই ভাবনা দেশের বিপুল সংখ্যক মানুষের সামনে নতুন সম্ভাবনা ও উচ্চাকাঙ্ক্ষার দরজা খুলে দিয়েছে। ঈশার কথায়, বিভিন্ন শিল্পক্ষেত্র ও ভিন্ন সময়ে কাজের ধরন বদলালেও ভারতের উপর আস্থা এবং দেশের সম্ভাবনার প্রতি বিশ্বাস একই থেকেছে।
জিওর তালিকাভুক্তিকে তাই কোনও সমাপ্তি নয়, বরং নতুন প্রতিশ্রুতির সূচনা হিসেবে তুলে ধরেন ঈশা। ভাই আকাশ ও অনন্তের সঙ্গে বিনিয়োগকারী এবং গ্রাহকদের কাছে ধীরুভাই আম্বানির প্রতিশ্রুতি নতুন করে পালনের অঙ্গীকার করেন তিনি। তাঁর বক্তব্য, বৃদ্ধি মানেই জীবন—আর এই যাত্রা সবে শুরু।
শেয়ারবাজারে জিওর আত্মপ্রকাশকে ঘিরে আম্বানি পরিবারের সদস্যদের একসঙ্গে ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে তালিকাভুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেই মুহূর্তে রিলায়্যান্সের দীর্ঘ পুঁজিবাজার-যাত্রা, জিওর এক দশকের ডিজিটাল ব্যবসা এবং আগামী দিনের সম্প্রসারণের প্রত্যাশা—তিনটি দিকই এক মঞ্চে মিলিত হয়।
জিওর তালিকাভুক্তি রিলায়্যান্স গোষ্ঠীর কাছে শুধু একটি নতুন শেয়ারবাজার-পর্ব নয়; বরং সাধারণ বিনিয়োগকারীদের অংশীদার করার যে ভাবনা ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন, তারই উত্তরাধিকার বহন করার সুযোগ। এখন নজর থাকবে তালিকাভুক্তির পর বাজারে জিওর শেয়ারের গতিপ্রকৃতি এবং সংস্থার পরবর্তী ব্যবসায়িক পদক্ষেপের দিকে।


