
চণ্ডীগড়: পাঞ্জাবে মাদকাসক্তির সমস্যা এবং পুলিশের ভূমিকা নিয়ে ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে সরব হলেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। মানসা জেলার সরদুলগড়ের ভাম্মে কালান গ্রামে মাদক ওভারডোজে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে মৃত যুবকের পরিবার প্রতিবাদে সামিল হতে চাইলে পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে, গুলি চালায় এবং পরিবারের কাছ থেকে মৃতদেহ নিয়ে যায়।
মঙ্গলবার রাতে নিজের দফতরের প্রকাশিত একটি ভিডিও বার্তায় হরসিমরত কৌর বাদল অভিযোগ করেন, মানসা জেলায় প্রকাশ্যে মাদক বিক্রি চলছে। তারই জেরে ভাম্মে কালান গ্রামের এক যুবকের মাদক ওভারডোজে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ছিল, যাঁরা ওই যুবকের কাছে মাদক বিক্রি করেছিলেন, তাঁদের গ্রেফতার করতে হবে এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে হবে।
হরসিমরতের বক্তব্য, পুলিশ পরিবারের অভিযোগে যথাযথ পদক্ষেপ না করায় তাঁরা মৃতদেহ নিয়ে চলমান একটি প্রতিবাদস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ, এরপরই বিপুল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। পরিবারের সদস্যদের মারধর করা হয়, গুলি চালানো হয় এবং তাঁদের কাছ থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। মৃত যুবকের মা এখনও জানেন না, তাঁর ছেলের দেহ কোথায় রাখা হয়েছে বলে দাবি করেন অকালি দলের সাংসদ।
পাঞ্জাব সরকারের বিরুদ্ধে আরও সরব হয়ে হরসিমরত বলেন, মাদকাসক্তির শিকার পরিবারগুলির পাশে দাঁড়ানোর পরিবর্তে সরকার ও পুলিশ প্রতিবাদকারীদের কণ্ঠরোধ করতে ব্যস্ত। তাঁর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের আড়াল করা হচ্ছে এবং যাঁরা মাদকবিরোধী প্রতিবাদ করছেন, তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
এদিন নিহং শিখদের সঙ্গে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, কয়েকজন নিহংকে চুল ধরে টানা হয়েছে, পাগড়ি খুলে ফেলা হয়েছে এবং তাঁদের কৃপাণে হাত দেওয়া হয়েছে। দীক্ষিত শিখদের পাঁচ ককারের প্রতি পুলিশের এমন আচরণকে ধর্মীয় মর্যাদার অবমাননা বলে মন্তব্য করেন তিনি।
ভগবন্ত মান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে হরসিমরত বলেন, পাঞ্জাবকে মাদকমুক্ত করতে হলে বর্তমান সরকারের বিদায় প্রয়োজন। তবে তাঁর তোলা মৃতদেহ নিয়ে যাওয়া, গুলি চালানো এবং নিহংদের উপর পুলিশের আচরণ সংক্রান্ত অভিযোগগুলির বিষয়ে পুলিশের বা রাজ্য সরকারের বক্তব্য এই ভিডিওতে পাওয়া যায়নি।


