
নয়াদিল্লি: কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর আসন্ন বই প্রকাশের প্রসঙ্গ তুলে তাঁকে নিশানা করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তাঁর দাবি, অনেক দেরিতে নিজের কাহিনি বলার উদ্যোগ নিয়েছেন সোনিয়া গান্ধী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে নিজের মতো করে সাজানো কাহিনি তুলে ধরার অভিযোগও করেন তিনি। কংগ্রেসের অতীত ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ।
নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেন, সোনিয়া গান্ধীর কাহিনি এবং কংগ্রেসের ইতিহাস সম্পর্কে দেশের মানুষ ইতিমধ্যেই অবগত। ইউপিএ সরকারের আমলে সোনিয়া গান্ধীর বিভিন্ন সফরের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, কেন সেই সময় তাঁর সফরগুলি দিল্লির পরিবর্তে কালিকট থেকে শুরু হত। এই বিষয়ে সোনিয়া গান্ধীর ব্যাখ্যা দাবি করেন তিনি।
কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে মনোজ তিওয়ারি আরও বলেন, দেশের মানুষ এখন কংগ্রেসের অতীতের কাহিনি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর কথা শুনতে আগ্রহী। তাঁর অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে দেশকে ভাঙা, লুট করা এবং অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ নতুন নয়।
এদিন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পরিবারের সদস্যদেরও নিশানা করেন বিজেপি সাংসদ। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করে তাঁদের রাজনৈতিক আচরণ নিয়ে মন্তব্য করেন তিনি।
উত্তরপ্রদেশের রাজনীতি প্রসঙ্গেও আত্মবিশ্বাস প্রকাশ করেন মনোজ তিওয়ারি। তাঁর দাবি, আগামী দিনে যোগী আদিত্যনাথ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন।
সোনিয়া গান্ধীর আসন্ন বই নিয়ে বিজেপি সাংসদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে কংগ্রেস-বিজেপি বাক্যুদ্ধের আবহ তৈরি হয়েছে।


