
কুল্লু: হিমাচল প্রদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতি ও প্রাচীন দেব-পরম্পরার অন্যতম নিদর্শন আন্তর্জাতিক কুল্লু দশেরার পর্দা নামছে আজ। ঐতিহ্যবাহী ‘লঙ্কা দহন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
দেব-পরম্পরা মেনে আজ বিকেলে অস্থায়ী শিবির থেকে রথে করে নিয়ে যাওয়া হবে ভগবান রঘুনাথজিকে। এরপর লঙ্কা দহনের ঐতিহ্যবাহী ধর্মীয় আচার সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষে পালকিতে করে ভগবান রঘুনাথজিকে সুলতানপুরে তাঁর মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
প্রাচীন রীতি ও ধর্মীয় প্রথা অনুযায়ী, রথযাত্রার এই পর্ব সম্পন্ন হওয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে কুল্লু দশেরার সমাপ্তি ঘটে। এরপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসবে যোগ দিতে আসা দেবদেবীদের নিজ নিজ মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এ বছর কুল্লু দশেরায় অংশ নিয়েছেন প্রায় ৩০০ জন দেবতা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্লোবাল ডান্স শো, লেজার শো এবং রামায়ণের বিভিন্ন ঘটনা অবলম্বনে আয়োজিত ড্রোন প্রদর্শনী। পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনাও দর্শকদের আকৃষ্ট করেছে। সাত দিন ধরে হাজার হাজার মানুষ এই উৎসবের নানা আয়োজন উপভোগ করেছেন।
আজ উৎসবের শেষ সাংস্কৃতিক সন্ধ্যা উৎসর্গ করা হয়েছে হিমাচল প্রদেশের লোকশিল্পীদের উদ্দেশে। তাঁদের পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে আন্তর্জাতিক কুল্লু দশেরার সাংস্কৃতিক আয়োজন।


